নির্বাচন ঘিরে চক্রান্তের অভিযোগ হাবিবের

আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে ঘিরে দেশি ও বিদেশি চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন ঢাকা–৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। এই নির্বাচন আর গতানুগতিক কোনো নির্বাচন নয়। এই নির্বাচনের জন্য হাজার হাজার ছাত্র-জনতা ও সহযোগী জীবন দিয়েছেন। শহীদ শরীফ উসমান হাজীকে হত্যা করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর মুগদা থানার ৭১ নম্বর ওয়ার্ডে হিরো মিয়া রোড জজ মিয়ার গ্যারেজে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
হাবিবুর রশিদ বলেন, যারা বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায় না এবং যারা চায় না দেশের মালিক জনগণ হোক, তারাই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। ভোটার উপস্থিতি কম হলে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করার সুযোগ তৈরি হবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, নির্বাচন ঘিরে যদি ব্যাপক ভোটার উপস্থিতি না হয়, তাহলে দেশি–বিদেশি ষড়যন্ত্রকারীরা তাদের স্বার্থ বাস্তবায়নের সুযোগ পাবে। এতে দেশের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে, প্রশাসনিক নিরাপত্তা দুর্বল হবে এবং সন্তানদের লেখাপড়ার পরিবেশ নষ্ট হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
হাবিবুর রশিদ বলেন, দেশকে বাঁচাতে হলে এবং আগামী প্রজন্মকে নিরাপদ রাখতে হলে ১২ ফেব্রুয়ারি সবাইকে ভোটকেন্দ্রে যেতে হবে। শুধু নিজে নয়, পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনদেরও ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই জনগণের হাতে দেশের মালিকানা ফিরে আসবে বলে তিনি বলেন।
ঢাকা-৯ আসনের নাগরিক সুবিধার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এলাকাবাসী সিটি করপোরেশন কর দিলেও জলাবদ্ধতা ও গ্যাস সংকটসহ নানা সমস্যায় ভুগছে। দল ক্ষমতায় এলে এসব সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে তিনি আশ্বাস দেন।
সভায় তিনি আরও বলেন, এলাকা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করা হবে। দলের কেউ এসব কর্মকাণ্ডে জড়িত থাকলেও তাকে রক্ষা করা হবে না।
নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে হাবিবুর রশিদ বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মামলা, কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন। তবে নীতি ও আদর্শ থেকে সরে যাননি বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, দল-মত নির্বিশেষে যারা এলাকার ও দেশের ভালো চায়, তাদের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চান।
ভিওডি বাংলা-সবুজ/জা







