• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বড় ব্যবধানে বাংলাদেশের হার, চ্যাম্পিয়ন ভারত

স্পোর্টস ডেস্ক    ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ পি.এম.
ছবি: সংগৃহীত

এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে দুর্দান্ত সূচনা করেও শেষ পর্যন্ত শিরোপা জেতা হলো না বাংলাদেশ ‘এ’ দলের। ভারত ‘এ’ দলের বিপক্ষে ৪৬ রানে হেরে রানার-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাঘিনীদের। 

ব্যাংককে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রাধা যাদব। ওপেনার নন্দিনি কাশ্যপ ও দীনেশ বৃন্দা শুরুতে ভালো ইঙ্গিত দিলেও দলীয় ৩০ রানে উদ্বোধনী জুটি ভাঙতেই চাপে পড়ে ভারত।

ফাতেমা জাহানের বলে দীনেশ বিদায় নেওয়ার পরপরই দলীয় ৩৩ রানে রানআউট হন নন্দিনী। ঠিক পরের বলেই ফারজানা ইয়াসমিনের শিকার হন মিন্নু মানি, গোল্ডেন ডাকের শিকার হয়ে। ৩৩ রানেই ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ভারত ‘এ’। চাপ বাড়তেই দলীয় ৪৪ রানে চতুর্থ উইকেট তুলে নেন বাংলাদেশ অধিনায়ক ফাহিমা খাতুন।

তবে এরপর ঘুরে দাঁড়ায় ভারত। পঞ্চম উইকেটে ৬৯ রানের জুটি গড়েন তেজাল হাসাবনিস ও রাধা যাদব। ৩০ বলে ৩৬ রান করে রাধা ফিরলেও অন্য প্রান্ত আগলে রাখেন তেজাল। শেষ পর্যন্ত ৩৪ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৪ রান তোলে ভারত ‘এ’। বাংলাদেশের হয়ে ফাহিমা একাই নেন ৪ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা সাবধানী ছিল বাংলাদেশের। তবে তৃতীয় ওভারেই ওপেনার ইশমা তানজিমকে হারায় দল। এরপর শারমিন সুলতানা ও শামিমা সুলতানা কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। শামিমা ১৫ বলে ২০ রান করে আউট হলে আবারও চাপে পড়ে বাংলাদেশ।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে রান তোলার গতি ধরে রাখতে পারেনি বাংলাদেশ ‘এ’। শারমিন ৩০ বলে ১৮ রান করেন, সাদিয়া যোগ করেন ১০ রান। বল হাতে উজ্জ্বল ফাহিমা ব্যাট হাতে ১১ বলে ১৪ রান করে বিদায় নেন।

শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ৮৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ৪৬ রানের জয় নিয়ে শিরোপা ঘরে তোলে ভারত ‘এ’। ভারতের হয়ে প্রেমা রাওয়াত নেন ৩ উইকেট, আর সোনিয়া মেনধিয়া ও তানুজা কানওয়ার শিকার করেন দুটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ‘এ’ দল: ২০ ওভারে ১৩৪/৭ (তেজাল ৫১*, রাধা ৩৬, দীনেশ ১৯; ফাহিমা ৪/২৫, ফাতেমা ১/১৯, ফারজানা ১/৩০)।

বাংলাদেশ ‘এ’ দল: ১৯.১ ওভারে ৮৮ (শামীমা ২০, শারমীন ১৮, ফাহিমা ১৪, সাদিয়া ১০; প্রেমা ৩/১২, তনুজা ২/১১, সোনিয়া ২/২১)।

ফল: ভারত ‘এ’ ৪৬ রানে জয়ী।

ম্যাচসেরা: তেজাল হাসাবনিস।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা
পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা
বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ বললেন সালাউদ্দিন
বিশ্বকাপ ইস্যুতে আসিফ নজরুলকে ‘মিথ্যুক’ বললেন সালাউদ্দিন
ভারতের সঙ্গে ‘ঝামেলা’ মিটিয়ে ফেলতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী
ভারতের সঙ্গে ‘ঝামেলা’ মিটিয়ে ফেলতে চান ক্রীড়া প্রতিমন্ত্রী