• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

হজে কোনো অনিয়ম নয়, কড়া বার্তা ধর্মমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক    ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৫ পি.এম.
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে ধর্মমন্ত্রীর মতবিনিময় সভা। ছবি: সংগৃহীত
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে ধর্মমন্ত্রীর মতবিনিময় সভা। ছবি: সংগৃহীত

আসন্ন হজ কার্যক্রমে কোনো ধরনের ব্যত্যয় বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেন, হজের দায়িত্ব পালনে কেউ বিন্দুমাত্র অবহেলা করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সরকার দ্বিধা করবে না। একইভাবে সরকারি অন্যান্য কাজেও দায়িত্বে গাফিলতি সহ্য করা হবে না।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকালে সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ভালো অফিসার সাজা খুব সহজ। মন্ত্রী বা সচিবের নির্দেশ পালন করেই ভালো অফিসার সাজা যায়। কিন্তু এতে অফিস বা দেশের তেমন লাভ হয় না। আল্লাহর সন্তুষ্টি ও নিজের বেতন হালাল করতে হলে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা যথাযথভাবে পালন করতে হবে।’

তিনি আরও বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে দায়িত্ব পালন করা গেলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে। দায়িত্ব পালনের মধ্য দিয়েই প্রকৃত সার্থকতা আসে।

কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে কাজের মাধ্যমে। আপনারা যদি দেশ ও মন্ত্রণালয়ের জন্য ভালো কাজ করেন, আমি খুশি হব। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে আপনারা এক পা এগিয়ে এলে, আমি তিন পা এগিয়ে আসব।’

মন্ত্রী আরও জানান, ব্যক্তিগত বা প্রশাসনিক কোনো সমস্যা থাকলে তা সরাসরি জানাতে পারেন কর্মকর্তারা। তিনি বলেন, ‘আমি যদি কোনো কাজের নির্দেশ দিই এবং সেটি বিধিসঙ্গত না হয়, তাহলে আমাকে অবশ্যই জানাতে হবে। আইনবিরোধী হলে সেটি বলা উচিত—এতে আমি খুশিই হব।’

এর আগে মন্ত্রণালয়ের পরিচিতি ও চলমান কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ধর্মসচিব মো. কামাল উদ্দিন, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ইমতিয়াজ হোসেন, বাজেট ও অনুদান অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
পরিবেশ রক্ষায় অন্তত একটি গাছ লাগানোর আহ্বান সেতু প্রতিমন্ত্রীর
ছবি: সংগৃহীত
বাচ্চাদের যেন শাল দুধ খাওয়ানো হয়: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত
সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান