• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জ্বালানি সাশ্রয়ে যেসব পদক্ষেপ নিল সরকার

ভিওডি বাংলা ডেস্ক    ৩ এপ্রিল ২০২৬, ০১:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও তেল সরবরাহ সংকটে সৃষ্ট চাপ মোকাবিলায় জ্বালানি সাশ্রয় ও ব্যয় নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এই সিদ্ধান্তের বিস্তারিত ঘোষণা করেন।

অফিস ও ব্যাংকের সময়সূচি

নতুন নির্দেশনা অনুযায়ী, সরকারি ও বেসরকারি অফিসের সময় ১ ঘণ্টা কমানো হয়েছে। আগামী কার্যদিবস থেকে সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। ব্যাংক লেনদেন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে; তবে আনুষঙ্গিক কাজ শেষ করতে বিকেল ৪টায় ব্যাংক বন্ধ করতে হবে।

বাজার ও বিপণিবিতান

দেশের সব মার্কেট, দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখতে হবে। তবে জরুরি সেবা যেমন কাঁচাবাজার, ওষুধের দোকান ও খাবারের দোকান এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। বাণিজ্য মন্ত্রণালয় এর যথাযথ তদারকি করবে।

শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবহন

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য আলাদা নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হবে, যা সম্ভবত আগামী রোববার থেকে কার্যকর হবে। যানজট নিরসন ও শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমানোর লক্ষ্যে সরকার শুল্কমুক্ত ‘ইলেকট্রিক বাস’ আমদানির সিদ্ধান্ত নিয়েছে। অংশগ্রহণকারী স্কুলগুলো বিশেষ সুবিধা পাবে। বাণিজ্যিকভাবে নতুন ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক ২০ শতাংশ কমানো হয়েছে, তবে পুরোনো বাস আমদানির সুযোগ নেই।

আলোকসজ্জায় নিষেধাজ্ঞা

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, কোনো বিয়ে বা সামাজিক উৎসব-অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না।

ব্যয় সংকোচন

সরকারের বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি খাতে ব্যয় ৩০ শতাংশ কমানো হয়েছে। আগামী তিন মাসের জন্য সরকারি নতুন যানবাহন, কম্পিউটার ও সরঞ্জাম ক্রয় বন্ধ থাকবে। সরকারি কর্মকর্তাদের বিদেশ ও অভ্যন্তরীণ প্রশিক্ষণের ৫০ শতাংশ এবং সভা-সেমিনারের আপ্যায়ন খরচও ৫০ শতাংশ কমানো হয়েছে।

জ্বালানি সরবরাহ ও বিকল্প উৎস

তেলের সরবরাহ অনিশ্চয়তার কারণে সরকার বিকল্প উৎস খুঁজছে। ইতিমধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান থেকে তেল আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে। সচিব জানিয়েছেন, সাধারণ মানুষের কষ্ট কমাতে সরকার জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রাখছে এবং বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ত্রিমুখী চ্যালেঞ্জে অর্থনীতি
ত্রিমুখী চ্যালেঞ্জে অর্থনীতি
নতুন যানবাহন কেনা যাবে না, বিদেশে প্রশিক্ষণ বন্ধ: মন্ত্রিপরিষদ সচিব
নতুন যানবাহন কেনা যাবে না, বিদেশে প্রশিক্ষণ বন্ধ: মন্ত্রিপরিষদ সচিব
ফেনীতে ২ কোটি ১৩ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি
ফেনীতে ২ কোটি ১৩ লক্ষাধিক টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি