মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন আসছে চট্টগ্রাম বন্দরে

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মালয়েশিয়া থেকে বিপুল পরিমাণ পরিশোধিত অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে একটি তেলবাহী জাহাজ। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার মধ্যেও আমদানি কার্যক্রম অব্যাহত রেখেছে সরকার।
জানা গেছে, ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের জাহাজটি বুধবার (৮ এপ্রিল) চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশ সময় সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে জাহাজটির অবস্থান ছিল আন্দামান সাগরে। এর আগে গত ৩ এপ্রিল মার্শাল আইসল্যান্ডের পতাকাবাহী এ জাহাজটি মালয়েশিয়া থেকে যাত্রা শুরু করে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, জাহাজটিতে প্রায় ২৬ হাজার টন পরিশোধিত অকটেন রয়েছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতেও দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তরলীকৃত গ্যাস বহনকারী আরও দুটি জাহাজ ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে। এর মধ্যে নাইজেরিয়া থেকে আসা ‘কুল ভয়েজার’ জাহাজে রয়েছে এলএনজি, যার স্থানীয় এজেন্ট ইন্টারপোর্ট। অন্যদিকে চীন থেকে এলপিজি নিয়ে এসেছে ‘গ্যাস জার্নি’ জাহাজ, যার এজেন্ট ইউনাইটেড শিপিং। খালাস কার্যক্রম শেষে আগামী বুধবার জাহাজ দুটি বন্দর ত্যাগ করবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, এলপিজি ও এলএনজি বহনকারী দুটি জাহাজ বর্তমানে বন্দরের জলসীমায় অবস্থান করছে এবং চারটি জাহাজ থেকে জ্বালানি খালাস কার্যক্রম চলছে। তিনি আরও জানান, ৩১ মার্চ ভারত থেকে এলপিজি নিয়ে ‘গ্যাস চ্যালেঞ্জার’ এবং ৩ এপ্রিল মালয়েশিয়া থেকে ডিজেলবাহী ‘শ্যান গ্যাং ফা শিয়ান’ জাহাজ বন্দরে এসেছে। এর মধ্যে ‘গ্যাস চ্যালেঞ্জার’ থেকে ভাটিয়ারিতে এলপিজি খালাস করা হচ্ছে।
ভিওডি বাংলা/এমএস







