• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুষ্টিয়ায় হামলা চালিয়ে ‘পীরকে’ হত্যা, আস্তানায় আগুন

কুষ্টিয়া প্রতিনিধি    ১১ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে একটি আস্তানায় হামলা চালিয়ে একজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে, যাকে তার অনুসারীরা পীর বলে মানেন। এরপর আস্তানায় অগ্নিসংযোগ করা হয়। নিহত ব্যক্তির নাম শামীম রেজা ওরফে জাহাঙ্গীর। 

শনিবার (১১ এপ্রিল) বেলা আড়াইটার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শামীম রেজা ফিলিপনগর গ্রামের মৃত জেছের আলীর ছেলে। তিনি ঢাকায় পড়াশোনা শেষ করে শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। পরে এলাকায় ফিরে এসে একটি আস্তানা গড়ে তোলেন।

কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ব্যক্তির একটি ভিডিও ছড়িয়ে পড়ে, তাতে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়া রয়েছে। কিন্তু ভিডিওটি অনেক আগের। ভিডিওটি সম্প্রতি ছড়িয়ে পড়ায় এলাকার মানুষ সেখানে হামলা চালান। ওই ব্যক্তিকে পুলিশ উদ্ধার করলেও বিক্ষুব্ধ জনতার তুলনায় পুলিশ কম ছিল। এ জন্য নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তাকে পিটিয়ে মেরে ফেলেছেন।

পুলিশ সুপার আরও বলেন, ‘এলাকার পরিস্থিতি শান্ত আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। কারা কীভাবে ভিডিওটি নতুন করে সামনে নিয়ে এল, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় আমি নিজে যাচ্ছি। কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যাব।’

২০২১ সালের মে মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ বিভিন্ন অভিযোগে শামীম রেজার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করা হয়। তখন পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পেয়ে তিনি আবার একই ধরনের কর্মকাণ্ড শুরু করেছেন বলে অভিযোগ আছে।

সকাল থেকে সেখানে তার কর্মকাণ্ড নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের আগেই ক্ষুব্ধ এলাকাবাসী তাঁর আস্তানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

ভিওডি বাংলা/আরআর/আরকেএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাংশায় জোরপূর্বক কবরস্থানের রাস্তা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন
পাংশায় জোরপূর্বক কবরস্থানের রাস্তা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন
পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫
পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫
পরীক্ষা নিয়ে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
পরীক্ষা নিয়ে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত