বছরে ৫ হাজার টাকার উপবৃত্তি দেবে সরকার

ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন আহ্বান করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।
উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের আর্থিক চাপ কিছুটা কমাতে নতুন করে উপবৃত্তি কর্মসূচি চালু করেছে সরকার। এই কর্মসূচির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজ ও প্রতিষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ভর্তি হওয়া শিক্ষার্থীরা বছরে এককালীন ৫ হাজার টাকা উপবৃত্তি পাবেন।
বৃহস্পতিবার (১৪ মে) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। সেখানে জানানো হয়, যোগ্য শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
আবেদন কার্যক্রম শুরু হবে আগামী ১৭ মে সকাল ৯টা থেকে এবং চলবে ১৪ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে সতর্ক করা হয়েছে।
উপবৃত্তি পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ন্যূনতম ৭০ শতাংশ উপস্থিতি থাকতে হবে। পাশাপাশি পূর্ববর্তী পরীক্ষায় ভালো ফলাফল থাকা বাধ্যতামূলক-জিপিএ ৫.০০ স্কেলে কমপক্ষে ৩.৭৫ অথবা সিজিপিএ ৪.০০ স্কেলে ৩.০০ অর্জন করতে হবে, অথবা মোট নম্বরের ভিত্তিতে অন্তত ৬০ শতাংশ পেতে হবে।
এছাড়া পারিবারিক আর্থিক অবস্থাও বিবেচনায় নেওয়া হবে। আবেদনকারীর অভিভাবকের বার্ষিক আয় ২ লাখ টাকার কম হতে হবে। তবে বিশেষ ক্যাটাগরির শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন।
এর মধ্যে রয়েছে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী, এতিম, তৃতীয় লিঙ্গের শিক্ষার্থী, ভূমিহীন পরিবারের সন্তান এবং বীর মুক্তিযোদ্ধার সন্তানরা।
নির্বাচিত শিক্ষার্থীরা এই অর্থ শিক্ষা খাতে ব্যয় করতে পারবেন। যেমন-বই কেনা, পরীক্ষার ফি পরিশোধ এবং অন্যান্য প্রয়োজনীয় শিক্ষা ব্যয় মেটানো।
আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে আগ্রহী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ফরম পূরণ করতে হবে।
ট্রাস্টের ওয়েবসাইট www.pmeat.gov.bd থেকে বিস্তারিত নির্দেশনা ও তথ্য জানা যাবে।
ভিওডি বাংলা/জা







