ব্যবসার বৈধতার জন্য সব নিয়ম অনুসরণ করতে হবে: আবদুস সালাম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, শুধু টাকা দিয়ে বা অন্য কোনো উপায়ে ব্যবসা পরিচালনা করলেই সেটি বৈধ হয়ে যায় না। ব্যবসার বৈধতার জন্য সিটি করপোরেশনের সব নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ করতে হবে।
মঙ্গলবার (৯ জুন) নগরভবন অডিটরিয়ামে ডিএসসিসির নিজস্ব মালিকানাধীন মার্কেট কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সভায় বিদ্যুৎ সাশ্রয়, বর্জ্য ব্যবস্থাপনা, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও ট্রেড লাইসেন্সসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় মার্কেটের সামনে হকারদের অবৈধ অবস্থান, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা, ট্রেড লাইসেন্স সংক্রান্ত জটিলতা ও অবৈধ দখলসহ নানা সমস্যার কথা তুলে ধরেন মার্কেট কমিটির প্রতিনিধিরা। ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম অভিযোগগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
তিনি বলেন, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে এবং সিটি করপোরেশনের ঠিকাদাররা সেখান থেকে তা সংগ্রহ করবেন। মার্কেটের সামনে ময়লা-আবর্জনা ফেলা যাবে না— নির্দেশনা অমান্য করলে জরিমানা করা হবে।
অবৈধ দোকান বসানো প্রসঙ্গে আবদুস সালাম বলেন, দীর্ঘদিনের অনিয়ম আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। ব্যবসায়ীদের কিছুটা ছাড় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সিটি করপোরেশনও প্রয়োজনীয় সহায়তা করবে, যেন সবাই বৈধভাবে ব্যবসা পরিচালনা করতে পারে।
বর্জ্য ব্যবস্থাপনায় সময়সূচি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, নির্দেশনা অমান্য করলে নোটিশ ও জরিমানার ব্যবস্থা নেওয়া হবে।
ট্রেড লাইসেন্স প্রসঙ্গে সতর্ক করে ডিএসসিসি প্রশাসক বলেন, অনেক মার্কেটে এখনো বিপুলসংখ্যক ব্যবসায়ীর বৈধ লাইসেন্স নেই। মোবাইল কোর্ট পরিচালিত হলে বকেয়া ফি ও জরিমানা আরোপ হতে পারে। তাই দ্রুত লাইসেন্স হালনাগাদ করতে হবে।
সাইনবোর্ড ও বিজ্ঞাপন ব্যবহারে নির্ধারিত নিয়ম মানার নির্দেশ দেন তিনি এবং অতিরিক্ত বড় সাইনবোর্ডের ক্ষেত্রে যথাযথ কর পরিশোধের কথা উল্লেখ করেন।
প্যাসেজ ও চলাচলের পথ দখল করে দোকান বসানো বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন ডিএসসিসি প্রশাসক।
তিনি বলেন, সিটি করপোরেশন নাগরিকদের কর ও ভাড়ার অর্থেই পরিচালিত হয়। তাই সেবা কার্যক্রম সচল রাখতে ব্যবসায়ীদের নিয়মিত কর ও ভাড়া পরিশোধে এগিয়ে আসতে হবে।
ভিওডি বাংলা/খতিব/এফএ







