• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সমাজকে এগিয়ে নিতে সঠিক সংবাদ প্রচারে গুরুত্ব দিতে হবে: আবদুস সালাম

নিজস্ব প্রতিবেদক    ৯ জুন ২০২৬, ০৬:৪০ পি.এম.
শিল্পকলা একাডেমিতে টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে বক্তব্য দেন আবদুস সালাম। ছবি: ভিওডি বাংলা

সমাজকে সামনে এগিয়ে নিতে হলে সঠিক সংবাদ প্রচারের ওপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

মঙ্গলবার (৯ জুন) রাজধানীর শিল্পকলা একাডেমিতে টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে আয়োজিত ঈদ পূর্ণমিলনী ও গণমাধ্যমের চোখে আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সংবাদের ভিত্তি ও সত্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একটি সংবাদকে কেন্দ্র করে সমাজে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তার জন্য অনেকাংশে সেই সংবাদই দায়ী থাকে। সিটি কর্পোরেশনের কোথাও বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থতা হলে তা সংবাদে আসে, আর আমরা সেটি দেখে দ্রুত সংশোধনের উদ্যোগ নিই। তবে অনেক সময় ভিত্তিহীন সংবাদও প্রচারিত হয়। তাই সমাজকে সামনে এগিয়ে নিতে হলে সঠিক সংবাদ প্রচারের ওপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে।

প্রশাসক বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজের অভ্যন্তরে যা ঘটে, দৃশ্যমান ও অদৃশ্য-সবকিছুই তারা জনগণের সামনে তুলে ধরেন। আর এ কাজের মাধ্যমে সমাজকে সংশোধন ও জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।  

তিনি বলেন, বর্তমানে টেলিভিশন ও ইলেকট্রনিক মিডিয়ার কারণে সংবাদ খুব দ্রুত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই তা টেলিভিশন ও অনলাইন মাধ্যমে মানুষের সামনে চলে আসে। এমনকি প্রিন্ট মিডিয়ার সংবাদও এখন ইলেকট্রনিক প্ল্যাটফর্মে প্রকাশিত হচ্ছে। ফলে সংবাদ পরিবেশনের গতি আগের যেকোনো সময়ের চেয়ে বেড়েছে।

সাংবাদিকতার নৈতিকতার প্রসঙ্গ তুলে আবদুস সালাম বলেন, সব ছবি বা সব বিষয় সংবাদ হিসেবে প্রকাশ করা উচিত কি না, সেটিও বিবেচনার বিষয়। কোনো ছবি বা তথ্য সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে কি না, সেটাও দেখতে হবে। অন্যদিকে কোনো সংবাদ বা ছবি যদি মানুষকে সচেতন ও উপকৃত করতে পারে, তাহলে তা অবশ্যই প্রকাশ করা উচিত।

তিনি বলেন, সাংবাদিকতার স্বাধীনতা শুধু সাংবাদিকদের ওপর নির্ভর করে না। অনেক সময় সংবাদমাধ্যমের মালিকদের সিদ্ধান্তও সেখানে প্রভাব ফেলে। তারপরও বাংলাদেশের ইতিহাসে এমন অনেক সাংবাদিক রয়েছেন, যারা সত্য প্রকাশের জন্য চাকরি হারিয়েছেন, কষ্টের জীবন কাটিয়েছেন, কিন্তু আদর্শের সঙ্গে আপস করেননি।

আবদুস সালাম আরও বলেন, সবাই যদি শুধু নিজের কথা চিন্তা করে, তাহলে সমাজের কথা কে ভাববে? একজন ব্যবসায়ী যেমন মুনাফার কথা চিন্তা করবে, তেমনি সংবাদপত্র বা সংবাদমাধ্যমকে শুধুমাত্র ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করা উচিত নয়। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রেই তা হয়।

তিনি বলেন, সাংবাদিকরা সমাজের ভালো-মন্দ তুলে ধরে মানুষকে সচেতন করেন। কিন্তু সমাজের অবক্ষয়, যুবসমাজের বিপথগামিতা ও মাদকের বিস্তার রোধে সাংবাদিকরা তাদের দায়িত্ব কতটুকু পালন করতে পেরেছেন, সে প্রশ্নও আত্মসমালোচনার মাধ্যমে বিবেচনা করা উচিত।

নিজের বিবেকের কাছে জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “সুন্দর জীবন শুধু টাকা, গাড়ি বা বাড়ির মধ্যে সীমাবদ্ধ নয়। প্রকৃত সুন্দরতা মানুষের আত্মা ও বিবেকের মধ্যে। আমি যদি আমার বিবেকের কাছে স্বচ্ছ থাকতে পারি, সেটাই সবচেয়ে বড় বিষয়।

তিনি আরও বলেন, বর্তমানে সমাজে অর্থ ও ক্ষমতা অর্জনের এক অসম ও অপ্রয়োজনীয় প্রতিযোগিতা শুরু হয়েছে। কে কত দ্রুত ধনী হবে, কে কত দ্রুত ক্ষমতার অবস্থানে যাবে-এ ধরনের প্রতিযোগিতা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য ব্যক্তি ও সামাজিক-উভয় পর্যায়ে সংগ্রামের প্রয়োজন রয়েছে।

আবদুস সালাম বলেন, আজকের সবচেয়ে বড় প্রয়োজন একটি সাংস্কৃতিক বিপ্লব। আমরা যদি নিজেদের সংশোধন করতে পারি এবং সমাজ ব্যবস্থাকে সংশোধন করতে পারি, তাহলে এগিয়ে যেতে পারব। অন্যথায় অর্থনৈতিকভাবে এগোলেও সামাজিক অবক্ষয়ে পিছিয়ে পড়ব।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আমাদের সমালোচনা করবেন, ভুল-ত্রুটি তুলে ধরবেন এবং একই সঙ্গে নিজেদেরও দক্ষ ও আদর্শবান হিসেবে গড়ে তুলবেন।

ভিওডি বাংলা/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বারবার প্রকল্পের ব্যয় বৃদ্ধিতে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, কারণ খোঁজার নির্দেশ
একনেকে ১০ প্রকল্প অনুমোদন বারবার প্রকল্পের ব্যয় বৃদ্ধিতে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, কারণ খোঁজার নির্দেশ
উন্নত ও নিরাপদ পৃথিবী গঠনে একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
উন্নত ও নিরাপদ পৃথিবী গঠনে একযোগে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের আমলাতন্ত্রের অবস্থা, কার্যক্ষমতা ও চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চায় যুক্তরাজ্য
দেশের আমলাতন্ত্রের অবস্থা, কার্যক্ষমতা ও চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চায় যুক্তরাজ্য