২০ বছর পর খুলেছে বাংলা ভাইয়ের মাদ্রাসা

নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রতিষ্ঠাতা শায়খ আব্দুর রহমান ওরফে বাংলা ভাইয়ের ফাঁসি কার্যকর হওয়ার প্রায় ২০ বছর পর আবার চালু হয়েছে আলোচিত সেই ‘চরশী হাবিরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা।
অভিযোগ রয়েছে, একসময় এই মাদ্রাসা থেকেই জেএমবির তাত্ত্বিক ও সামরিক প্রশিক্ষণ দেওয়া হতো।
২০০৫ সালে দেশের ৬৩ জেলায় একযোগে দেশজুড়ে সিরিজ বোমা বিস্ফোরণের পর বন্ধ হয়ে যায় মাদ্রাসাটি। কিন্তু আওয়ামী সরকারের পতনের পর ২০২৫ সালে মাদ্রাসাটি ফের নতুন করে চালু করেছেন শায়খ আব্দুর রহমানের ছোট ভাই মাওলানা ওবায়দুর রহমান।
জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের চরশী খলিফাপাড়া গ্রামে শায়খ আব্দুর রহমানের বাবা মৃত মাওলানা আব্দুল্লাহ ইবনে ফজল (ফজল মুন্সী) ১৯৭৫ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন।
প্রায় দুই দশক পর মাদ্রাসাটি ফের চালু হওয়ায় নতুন করে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। জামালপুর শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে চরশী খলিফাপাড়ায় ওই মাদ্রাসায় গিয়ে দেখা যায়, প্রায় এক একর জমির ওপর পুরোনো একটি মসজিদের পেছনে তিনটি নতুন হাফ-বিল্ডিং ভবন নির্মিত হয়েছে। বর্তমানে সেখানে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত নূরানী ও বাংলা পদ্ধতিতে প্রায় শতাধিক শিক্ষার্থীর পাঠদান চলছে।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, বিষয়টি আমাদের নজরে রয়েছে। পুলিশ সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের চলাফেরা ও গতিবিধির ওপর নজরদারি রাখা হচ্ছে।
ভিওডি বাংলা/জা







