কচুয়ায় জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ কনটেন্ট প্রকাশের অভিযোগে বাগেরহাটের কচুয়া উপজেলার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের বাসিন্দা মো. গোলাম রসুল। তিনি জাহিদ শেখের ছেলে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বাবা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন চতুর্থ শ্রেণির কর্মচারী।
কচুয়া থানা সূত্রে জানা যায়, গোলাম রসুল সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে জাইমা রহমানকে নিয়ে অশ্লীল, আপত্তিকর ও কুরুচিপূর্ণ ভিডিও প্রকাশ করছিলেন। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এলে দ্রুত তদন্ত শুরু করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, ডিজিটাল মাধ্যমে আপত্তিকর ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সাইবার অপরাধ ও অনলাইনে আপত্তিকর কনটেন্ট প্রচারের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
ভিওডি বাংলা/এমএস







