বিশ্ব বাবা দিবস আজ

আজ ২১ জুন, বিশ্ব বাবা দিবস। সন্তানের জীবনে ভালোবাসা, সাহস, নিরাপত্তা ও নির্ভরতার প্রতীক বাবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের দিন আজ। পরিবারের কঠিন সময়ে যিনি ছায়ার মতো পাশে থাকেন, সেই মহান মানুষটিকে স্মরণ করতেই বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিবসটি।
প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্ব বাবা দিবস পালন করা হয়। পশ্চিমা বিশ্বে এর সূচনা হলেও সময়ের পরিক্রমায় এটি বৈশ্বিক আয়োজনে পরিণত হয়েছে। বাবার নিঃস্বার্থ ত্যাগ, দায়িত্ববোধ ও অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি।
ইতিহাস থেকে জানা যায়, ১৯০৮ সালের ৫ জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফেয়ারমন্ট এলাকার একটি গির্জায় প্রথমবারের মতো বাবা দিবস পালন করা হয়। পরে ১৯১০ সালের ১৯ জুন সোনোরা স্মার্ট ডডের উদ্যোগে বিশেষভাবে দিবসটি উদযাপিত হয়, যা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
ধীরে ধীরে দিবসটি জাতীয় স্বীকৃতির পথে এগিয়ে যায়। ১৯১৩ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বাবা দিবসকে সরকারি ছুটির দিন ঘোষণার প্রস্তাব উত্থাপন করা হয়। ১৯২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজ এ উদ্যোগকে সমর্থন জানান। দীর্ঘ প্রক্রিয়ার পর ১৯৬৬ সালে প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন আনুষ্ঠানিকভাবে বাবা দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেন।
এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিনটি বাবার প্রতি সম্মান ও ভালোবাসা প্রকাশের বিশেষ উপলক্ষ হিসেবে পালিত হয়ে আসছে।
ভিওডি বাংলা/আ







মন্তব্য