বিশ্বকাপে ব্রাজিল নিয়ে নতুন ভবিষ্যদ্বাণী

বিশ্বকাপ ফুটবল ঘিরে ভবিষ্যদ্বাণী ও পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ নতুন কিছু নয়। প্রতি আসরের আগে বিভিন্ন গবেষক, বিশ্লেষক ও ডেটা বিশেষজ্ঞ নিজেদের হিসাব-নিকাশ তুলে ধরেন। তবে এবার সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্টের নাম। কারণ, ২০১৪ সাল থেকে বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল সঠিকভাবে অনুমান করার দাবি করেছেন তিনি।
২০২৬ বিশ্বকাপ নিয়েও নিজের গবেষণালব্ধ পূর্বাভাস প্রকাশ করেছেন ক্লেমেন্ট। তার মতে, আসরের দ্বিতীয় রাউন্ডেই বিদায় নেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর সেই বিদায়ের কারণ হবে এশিয়ার শক্তিশালী দল জাপান।
আগামী ২৯ জুন হিউস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় মুখোমুখি হওয়ার কথা রয়েছে ব্রাজিল ও জাপানের। গ্রুপ ‘সি’-এর শীর্ষ দল হিসেবে নকআউটে উঠেছে ব্রাজিল, অন্যদিকে নিজেদের ধারাবাহিক পারফরম্যান্সে শেষ ষোলো নিশ্চিত করেছে জাপান। ক্লেমেন্টের পূর্বাভাস অনুযায়ী, এই ম্যাচেই চমক দেখাবে হাজিমে মোরিয়াসুর শিষ্যরা।
ক্লেমেন্টের গবেষণার সবচেয়ে আলোচিত দিক হলো তার ব্যবহৃত গাণিতিক মডেল। শুধুমাত্র মাঠের পারফরম্যান্স বা ফিফা র্যাঙ্কিং নয়, বরং মাথাপিছু জিডিপি, জনসংখ্যা, আবহাওয়া ও তাপমাত্রার মতো বিষয়ও বিবেচনায় নেওয়া হয় তার বিশ্লেষণে। এসব তথ্য একত্র করে বিভিন্ন দলের সম্ভাব্য সাফল্যের হিসাব তৈরি করেন তিনি।
গত ৯ এপ্রিল প্রকাশিত তার গবেষণাপত্রে আরও বলা হয়েছে, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে পর্তুগালকে হারিয়ে শিরোপা জিততে পারে নেদারল্যান্ডস। যদিও তার সব হিসাব শতভাগ নির্ভুল থাকেনি। নকআউট পর্বের চূড়ান্ত সূচি প্রকাশের পর কয়েকটি সম্ভাব্য ম্যাচের পূর্বাভাস বাস্তবতার সঙ্গে মেলেনি।
উদাহরণ হিসেবে ক্লেমেন্ট দ্বিতীয় রাউন্ডে জার্মানি ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার সম্ভাবনা দেখিয়েছিলেন। কিন্তু দুই দলই নিজ নিজ গ্রুপে শীর্ষস্থান দখল করায় সেই সমীকরণ আর বাস্তব হয়নি। এছাড়া দক্ষিণ আফ্রিকা ও বসনিয়া-হার্জেগোভিনার নকআউটে ওঠার সম্ভাবনাও তার মডেলে ধরা পড়েনি।
ভিওডি বাংলা/জা








মন্তব্য