সীমান্তে ফেলে যাওয়া ব্যাগে বিদেশি অস্ত্র

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র, গুলি ও ভারতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোরে পরিচালিত এ অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি এবং ২৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।
শনিবার (২৭ জুন) বিজিবি সূত্র জানায় ভোর ৪টা ৪০ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সামন্তা বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়। সুবেদার মো. ওমর আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সীমান্ত পিলার ৫৭/১-এস সংলগ্ন এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা হয়।
এ সময় দুইজন চোরাকারবারীকে ধাওয়া দিলে তারা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থাকা একটি কার্টন উদ্ধার করেন।
কার্টনটি খুলে দেখা যায়, সেখানে ইতালিতে তৈরি দু’টি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি এবং ২৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ রাখা ছিল। উদ্ধার অভিযানটি পরিচালিত হয় ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বেলেহাটি গ্রামের একটি পুকুরপাড় সংলগ্ন জঙ্গল এলাকায়।
বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদক চোরাচালান ঠেকাতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও অন্যান্য সামগ্রী মহেশপুর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্তে তদন্তও শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ভিওডি বাংলা/জা








মন্তব্য