সরকার-বিরোধী দল একসঙ্গে কাজ করে যাব: ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, ঢাকা-১৫ আসনের উন্নয়ন কার্যক্রমের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে নিয়েছেন। সরকারি ও বিরোধী দল একসঙ্গে কাজ করে এ এলাকার উন্নয়ন এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।
বুধবার (১ জুলাই) রাজধানীর মিরপুরে ঢাকা-১৫ আসনের বাসিন্দাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শফিকুল ইসলাম খান বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জনগণের সেবায় কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ে তুলতে নিয়মিত বর্জ্য অপসারণ, ডেঙ্গু নিয়ন্ত্রণ, খাল পুনরুদ্ধার, ড্রেন ও সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি ডেঙ্গু নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ প্রতিরোধ, পানি ও গ্যাস সংকট নিরসন এবং পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
এদিকে, স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।
দিনব্যাপী তারা পশ্চিম শেওড়াপাড়া, পূর্ব মনিপুর, বাইশটেকী ও ইব্রাহিমপুর এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় ডেঙ্গু পরিস্থিতি, খালের অবস্থা, পরিচ্ছন্নতা, পানি ও গ্যাস সংকটসহ বিভিন্ন বিষয়ে স্থানীয়দের অভিযোগ শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।
সভায় পশ্চিম শেওড়াপাড়া ও মনিপুর এলাকায় পানি সংকট নিরসনে পাঁচটি পানির পাম্প স্থাপনের উদ্যোগের কথা জানানো হয়। এ জন্য দ্রুত স্থান নির্ধারণে স্থানীয়দের সহযোগিতা চাওয়া হয়। পাশাপাশি প্রতিটি পানির পাম্প নির্মাণে তিনজনই নিজ নিজ তহবিল থেকে ২০ লাখ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন।
মতবিনিময় সভায় ওয়াসা ও তিতাসের ব্যবস্থাপনা পরিচালক, ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/আ








মন্তব্য