প্রথমবার যে অভিজ্ঞতার মুখোমুখি মোশাররফ করিম

অভিনয়ের বৈচিত্র্য ও অসাধারণ চরিত্র রূপায়ণের জন্য দীর্ঘদিন ধরেই দর্শকের ভালোবাসা কুড়িয়ে আসছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। টেলিভিশন, ওটিটি ও বড় পর্দায় সমান সফল এই অভিনেতা এবার যুক্ত হচ্ছেন নতুন এক দায়িত্বে। প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারকের দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি।
বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুরের যৌথ উদ্যোগে আয়োজিত বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২৬ এর প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোশাররফ করিম। অভিনয় জীবনে বিচারক হিসেবে এটিই তার প্রথম আনুষ্ঠানিক দায়িত্ব।
নতুন দায়িত্ব প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, “বিচারক শব্দটা শুনতে যত সহজ মনে হয়, দায়িত্বটা কিন্তু ততটা সহজ নয়। তবে আমি সবসময় যেকোনো কাজে আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। বাভাসি সত্যিই অসাধারণ একটি প্ল্যাটফর্ম, যেখানে নতুনদের মেধা বিকাশের সুযোগ রয়েছে। এত বছরের ক্যারিয়ারে বিচারক হিসেবে এটাই আমার প্রথম দায়িত্ব। আমাকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই।”
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিভিন্ন দেশ থেকে ৭৫টি চলচ্চিত্র জমা পড়েছে। প্রাথমিক বাছাই শেষে ৫২টি চলচ্চিত্র নির্বাচিত হয়। এরপর জুরি বোর্ডের মূল্যায়নে ১৬টি চলচ্চিত্র দ্বিতীয় পর্বে জায়গা করে নেয়। বিভিন্ন ধাপের মূল্যায়ন শেষে চূড়ান্ত পর্বের জন্য ৭টি চলচ্চিত্র নির্বাচন করা হবে।
উৎসবে সেরা চিত্রনাট্যকার, পরিচালক, অভিনেতা-অভিনেত্রী, শিল্প নির্দেশক, চিত্রগ্রাহক, সম্পাদক, গীতিকার, আবহসংগীত ও রূপসজ্জাসহ বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হবে।
আয়োজকদের মতে, বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল লক্ষ্য বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুরের নির্মাতা, শিল্পী ও চলচ্চিত্রকর্মীদের মধ্যে সৃজনশীল ভাবনার আদান-প্রদান এবং সাংস্কৃতিক বিনিময়কে আরও সমৃদ্ধ করা। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে নতুন নির্মাতাদের কাজ তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করবে এই উৎসব।
ভিওডি বাংলা/শাহাদাত হাওলাদার/এফএ








মন্তব্য