• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক    ৫ জুলাই ২০২৬, ০৪:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, দেশে ফিরে শেখ হাসিনার বিরুদ্ধে থাকা সাজা ও বিচারাধীন মামলাগুলো আইন অনুযায়ী মোকাবিলা করা উচিত।

রোববার (৫ জুলাই) নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনার আপিলের সুযোগ রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মো. আমিনুল ইসলাম বলেন, সাধারণ নিয়ম অনুযায়ী রায় ঘোষণার ৩০ কার্যদিবসের মধ্যে আপিল করতে হয় এবং সেই সময়সীমা ইতোমধ্যে শেষ হয়েছে। তবে তিনি বলেন, “আমরা চাই তিনি দেশে ফিরে আসুন এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হোন। তিনি দেশে ফিরলে আপিল ফাইলসহ অন্যান্য আইনি বিষয়গুলো তখন আপিল বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে। অগ্রিম কোনো মন্তব্য করার সুযোগ নেই।”

চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনার বিরুদ্ধে বর্তমানে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার মৃত্যুদণ্ড হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি শাপলা চত্বরের ঘটনা ও মানবতাবিরোধী অপরাধসংক্রান্ত আরও কয়েকটি মামলায় তাকে বিচারের মুখোমুখি হতে হতে পারে বলে জানান তিনি। আইনের প্রতি সম্মান দেখিয়ে দেশে ফিরে বিচার প্রক্রিয়ায় অংশ নেওয়াই সমীচীন বলেও মন্তব্য করেন মো. আমিনুল ইসলাম।

সংবাদ সম্মেলনে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে নিয়েও ট্রাইব্যুনালের অবস্থান তুলে ধরা হয়। চিফ প্রসিকিউটর বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় দায়ের হওয়া মামলায় হাসানুল হক ইনুকে আসামি করা হবে।

তিনি বলেন, তদন্তে পাওয়া তথ্যপ্রমাণ অনুযায়ী তৎকালীন তথ্যমন্ত্রী হিসেবে তার নির্দেশনায় দুটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ এবং কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছিল। সংসদে দাঁড়িয়ে তিনি এ ঘটনার দায় স্বীকার করেছিলেন বলেও উল্লেখ করেন মো. আমিনুল ইসলাম। বিষয়টি তদন্তে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।

জুলাই গণঅভ্যুত্থানে স্নাইপার রাইফেলের ব্যবহারের প্রসঙ্গেও কথা বলেন চিফ প্রসিকিউটর। তিনি জানান, তদন্তে স্নাইপার রাইফেল ব্যবহারের তথ্য উঠে এসেছে এবং প্রাথমিকভাবে যাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, তাদের বিরুদ্ধে এ ধরনের অস্ত্র ব্যবহারের অকাট্য প্রমাণ মিলেছে।

এ ছাড়া যাত্রাবাড়ীর একটি মামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, পুলিশের নামে বরাদ্দ করা অস্ত্র আওয়ামী সন্ত্রাসীদের হাতে তুলে দেওয়া হয়েছিল এবং তারা সেগুলো নির্বিচারে ব্যবহার করেছে বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই অবস্থান জুলাই গণঅভ্যুত্থান ও অতীতের মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়াকে আরও গতিশীল করবে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। ছবি: সংগৃহীত
কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ইশরাক হোসেন। ছবি: ভিওডি বাংলা
গুমের শিকার পরিবারগুলোর পুনর্বাসনে নতুন অধিদপ্তরের প্রস্তাব ইশরাকের
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন ইশরাক হোসেন। ছবি: ভিওডি বাংলা
জুলাই-আগস্ট জুড়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা ইশরাকের