এইচএসসি পরীক্ষার্থীদের ওপর শক্তি প্রয়োগ না করার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার (১৪ জুলাই) দিনব্যাপী আন্দোলন করেন চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীরা। তাদের ন্যায্য দাবিগুলো দ্রুত বিবেচনায় নিয়ে আশু সমাধানের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুউদ্দীন পাটওয়ারী।
শিক্ষার্থীদের আন্দোলনকে ছোট করে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের ওপর অযথা শক্তি প্রয়োগ করে পরিস্থিতিকে জটিল না করারও আহ্বান জানিয়েছেন এনসিপির এই নেতা।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত পৌনে ১০টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন এ আহ্বান জানান।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, একদিনের পরীক্ষা পেছানো কিংবা শিক্ষামন্ত্রীর শিক্ষার্থীদের প্রতি অবমাননাকর মন্তব্যের বিতর্কের বাইরে, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে রাখা জরুরি। আজও অনেক শিক্ষার্থীর গলায় থাকা আইডি কার্ড পরীক্ষা করা হয়েছে, কেউ কেউ হামলা ও হয়রানিরও শিকার হয়েছেন। কিন্তু আজ রাজপথে যারা নেমেছিলেন, তাদের আন্দোলনকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কার এখন সময়ের দাবি।
তিনি আরও বলেন, আমাদের শিক্ষার্থীরা বছরের পর বছর নানা ধরনের বৈষম্য, অনিশ্চয়তা ও হয়রানির শিকার হচ্ছে। সেই জমে থাকা ক্ষোভই আজ রাজপথে প্রকাশ পেয়েছে। তাই এই সংকটকে সাময়িকভাবে নয়, স্থায়ীভাবে সমাধান করতে হবে।
নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, সরকারি দলের সংসদ সদস্যদের কাছ থেকে যদি কার্যকর সংস্কারের আশা না-ও করা যায়, তবে বিরোধীদলের সংসদ সদস্যদের উচিত শিক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে আরও দৃঢ় ও সোচ্চার অবস্থান নেওয়া। একই সঙ্গে দেশের প্রথিতযশা শিক্ষাবিদ, গবেষক ও নীতিনির্ধারকদেরও শিক্ষা সংস্কারের আলোচনায় এগিয়ে আসতে হবে।
পোস্টে তিনি আরও লেখেন, সরকারের প্রতি আহ্বান—লাঠি, গুলি কিংবা টিয়ার গ্যাস নয়; সংলাপ, সহমর্মিতা ও সংস্কারের পথ বেছে নিন। এটি শিক্ষা সংস্কারের আন্দোলন, সরকার পতনের আন্দোলন নয়। অযথা শক্তি প্রয়োগ করে পরিস্থিতিকে জটিল করবেন না। শিক্ষার্থীদের ন্যায্য দাবিগুলো দ্রুত বিবেচনায় নিয়ে আশু সমাধানের উদ্যোগ নিন। একটি ন্যায়ভিত্তিক, আধুনিক ও মানবিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই আজ রাষ্ট্রের সবচেয়ে বড় দায়িত্ব।
ভিওডি বাংলা/এফএ








মন্তব্য