সেমির লড়াইয়ে মাঠে নেমেছে আর্জেন্টিনা-ইংল্যান্ড

আর্জেন্টিনা-ইংল্যান্ড হাইভোল্টেজ সেমিফাইনাল শুরু হলো দারুণ উত্তেজনার মধ্য দিয়ে। ২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের আটলান্টায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে শুরু হওয়া এই মহারণের জয়ী দল আগামী রোববার নিউ জার্সিতে অনুষ্ঠেয় ফাইনালে স্পেনের মুখোমুখি হবে।
নরওয়েকে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়ে শেষ চারে উঠেছে ইংল্যান্ড। এবার তাদের সামনে সবচেয়ে বড় বাধা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং লিওনেল মেসি।
অন্যদিকে, সুইজারল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছে লিওনেল স্কালোনির দল।
ইংল্যান্ডের ইতিহাসে একমাত্র বিশ্বকাপ শিরোপা আসে ১৯৬৬ সালে, নিজেদের মাটিতে। এরপর আর কখনও বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি থ্রি লায়ন্সরা।
এবার সেই দীর্ঘ ৬০ বছরের আক্ষেপ ঘোচানোর সুবর্ণ সুযোগ তাদের সামনে। তবে সেই পথের সবচেয়ে কঠিন পরীক্ষার নাম আর্জেন্টিনা।
অন্যদিকে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা চাইছে টানা দ্বিতীয় বিশ্বকাপ জিতে নতুন ইতিহাস গড়তে। এবারের বিশ্বকাপেও দুর্দান্ত ছন্দে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে দলের আক্রমণে সবচেয়ে বড় ভরসা তিনি। তাই ইংল্যান্ডের রক্ষণভাগের সবচেয়ে বড় চ্যালেঞ্জও মেসিকে থামানো।
বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি শুরু হয়েছে। রেফারির প্রথম বাঁশির সঙ্গে বিশ্বকাপের অন্যতম প্রতীক্ষিত এই লড়াইয়ে বল গড়িয়েছে আটলান্টার মাঠে।
এখন দেখার বিষয়, লিওনেল মেসির আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিতে পারে, নাকি ৬০ বছরের অপেক্ষা ভেঙে ইংল্যান্ড আবারও বিশ্বকাপের ফাইনালের মঞ্চে ফিরবে।
ভিওডি বাংলা/বিন্দু








মন্তব্য