গুনে গুনে টাকা নেওয়ার ভিডিও ছড়াতেই বরখাস্ত ভূমি কর্মকর্তা
ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। রোববার (২৬ জুলাই) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিন্টু বিশ্বাস।
অফিস আদেশে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ)(ঘ) অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে এবং একই বিধিমালার ১২(১) বিধি অনুসারে ইমরান শেখকে ২৬ জুলাই ২০২৬ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এতে আরও বলা হয়, বিধি অনুযায়ী বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোশ ভাতা পাবেন।
এর আগে রোববার বিকেলে ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দুই মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সাতৈর ইউনিয়নের এক সেবাগ্রহীতার কাছ থেকে নিজ কক্ষে বসে টাকা গুনে নিচ্ছেন ইমরান শেখ। এ সময় ভিডিওতে তাকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্পর্কে মন্তব্য করতে শোনা যায়। তিনি বলেন, ‘উনিও ৪০তম বিসিএস, আমিও ৪০তম বিসিএস। উনার কপাল ভালো, উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন-ক্যাডার হয়েছি।’
ভিডিওটি নিয়ে জানতে চাইলে ইমরান শেখ দাবি করেন, এটি ঘুষের টাকা নয়, ধারের টাকা। তার ভাষ্য, অনেকেই তার কাছ থেকে ধার নেন এবং পরে সেই টাকা ফেরত দেন। তবে টাকা ফেরত দেওয়া ব্যক্তির পরিচয় তিনি প্রকাশ করতে রাজি হননি।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান বলেন, এর আগেও সরেজমিনে অফিসে গিয়ে ইমরান শেখকে না পেয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। সর্বশেষ তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সহকারী কমিশনার (ভূমি)-কে নির্দেশ দেওয়া হয়েছে।
এর কয়েক ঘণ্টার মধ্যেই জেলা প্রশাসক মাজহারুল ইসলাম তাকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করেন।
ভিওডি বাংলা/আ









মন্তব্য