• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

১৫ বছর পর এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার চিন্তা ইসির

নিজস্ব প্রতিবেদক    ২৭ জুন ২০২৬, ১০:২৪ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ১৫ বছর পর বাধ্যতামূলকভাবে নবায়নের পরিকল্পনা নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি বাধ্যতামূলক নয়। তবে দীর্ঘ সময় পর একজন নাগরিকের বায়োমেট্রিক তথ্য ও শারীরিক পরিবর্তনের কারণে পরিচয় শনাক্তে জটিলতা তৈরি হওয়ায় নতুন এই উদ্যোগ বিবেচনায় নেওয়া হচ্ছে।

ইসি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সময়ের ব্যবধানে মানুষের চেহারা, আঙুলের ছাপ ও অন্যান্য বায়োমেট্রিক তথ্যের পরিবর্তন হতে পারে। অনেক ক্ষেত্রে চিকিৎসা বা অস্ত্রোপচারের মাধ্যমে ব্যক্তিগত তথ্যেও পরিবর্তন আসে। ফলে পুরোনো তথ্য দিয়ে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। এই পরিস্থিতিতে নির্দিষ্ট সময় পর এনআইডির তথ্য হালনাগাদ রাখার প্রয়োজনীয়তা অনুভব করছে কমিশন।

বর্তমান জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন অনুযায়ী, একটি এনআইডির মেয়াদ ইস্যুর তারিখ থেকে ১৫ বছর পর্যন্ত কার্যকর থাকে। আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগে বা পরে নির্ধারিত ফি দিয়ে নবায়নের আবেদন করা যায়। তবে এ পর্যন্ত এটি বাধ্যতামূলক করা হয়নি।

ইসি সূত্রে জানা গেছে, নাগরিক সেবা ডিজিটাল হওয়ার পাশাপাশি ব্যাংকিং, পাসপোর্ট, মোবাইল ব্যাংকিং ও সরকারি বিভিন্ন সেবায় এনআইডির ব্যবহার বেড়ে যাওয়ায় তথ্যের নির্ভুলতা এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এজন্য নিয়মিত তথ্য হালনাগাদ রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বর্তমানে এনআইডি নবায়নের আবেদন সরাসরি নির্বাচন কমিশন অফিস অথবা অনলাইনের মাধ্যমে করা যায়। আবেদনকারী সাধারণ কিংবা জরুরি-দুই ধরনের আবেদন পদ্ধতির যেকোনো একটি বেছে নিতে পারেন। সাধারণ আবেদন নিষ্পত্তি করতে সর্বোচ্চ ৩০ দিন সময় লাগে, আর জরুরি আবেদন নিষ্পত্তি করা হয় ৭ দিনের মধ্যে।

নবায়নের ক্ষেত্রে সাধারণ ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা এবং জরুরি ফি ১৫০ টাকা। এছাড়া হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়া এনআইডি পুনঃইস্যুর ক্ষেত্রেও আলাদা ফি কাঠামো রয়েছে। প্রথমবার পুনঃইস্যুর জন্য সাধারণ ফি ২০০ টাকা এবং জরুরি ফি ৩০০ টাকা। পরবর্তীতে আবেদন সংখ্যার ওপর ভিত্তি করে ফি আরও বাড়ে।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বর্তমানে নাগরিকরা চাইলে যেকোনো সময় এনআইডি নবায়নের আবেদন করতে পারেন। বিশেষ করে কার্ড হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে নতুন কার্ড সংগ্রহের সুযোগ রয়েছে।

অন্যদিকে, এনআইডি মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা বলেছেন, ১৫ বছর পর বাধ্যতামূলক নবায়নের বিষয়টি এখনও আলোচনা ও পর্যালোচনার পর্যায়ে রয়েছে। এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি, বাড়তে পারে বেতন-ভাতা
ছবি: সংগৃহীত
লোকসান কমাতে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন যাচ্ছে ইজারায়
ছবি: সংগৃহীত
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা