ভাঙ্গা থেকে গ্রেপ্তার প্রতারক আতিয়ার দর্জি

সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গের পরিচয় ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ভুয়া এ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে প্রতারক আতিয়ার দর্জি (৪৪)’কে ফরিদপুর ভাঙ্গা হতে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
সে হোয়াটসঅ্যাপে এ্যাকাউন্ট খোলার মাধ্যমে সরকারের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা এবং সাধারণ মানুষের সাথে যোগাযোগ স্থাপন করে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, একটি প্রতারক চক্র সরকারের উচ্চপদস্থ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের ছবি ও নাম ব্যবহার করে মোবাইল নম্বরের মাধ্যমে ভুয়া হোয়াটসঅ্যাপ এ্যাকাউন্ট খোলে। এরপর বিভিন্ন সরকারি কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে নিজেদের সরকারের উচ্চপদস্থ ব্যক্তি হিসেবে পরিচয় প্রদান করে বিভিন্ন তদবির ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলো।
অভিযোগ অনুযায়ী, উক্ত ভুয়া এ্যাকাউন্ট থেকে সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও অন্যান্য ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হয়। পরবর্তীতে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে নিশ্চিত হওয়া যায় যে, উক্ত মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপ একাউন্টের সঙ্গে সরকারের উক্ত উচ্চপদস্থ ব্যক্তিবর্গের কোনো সম্পৃক্ততা নেই এবং তাঁরা এ বিষয়ে অবগত নন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ডিএমপি, ঢাকার শাহবাগ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
এসময় তার নিকট হতে ১ (একটি) ব্যক্তিগত মাইক্রোবাস, ০৭ (সাত) টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের ০৫ (পাঁচ) টি এটিএম কার্ড ও নগদ ৮,৯০০/- (আট হাজার নয়শত টাকা) উদ্ধার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ভিওডি বাংলা/আর








মন্তব্য