• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

তরুণদের সম্ভাবনাই অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১১ জুলাই ২০২৬, ০৮:৫২ এ.এম.
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তরুণদের জাতীয় উন্নয়নের প্রধান শক্তি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। ছবি: ভিওডি বাংলা
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তরুণদের জাতীয় উন্নয়নের প্রধান শক্তি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। ছবি: ভিওডি বাংলা

দেশের তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের সবচেয়ে বড় শক্তিতে রূপান্তর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষিত, দক্ষ, সুস্থ ও প্রযুক্তিবান্ধব তরুণ প্রজন্মই ভবিষ্যতের বাংলাদেশের ভিত্তি। এ লক্ষ্য সামনে রেখে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনাকে সমন্বিত করে সরকার দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

শনিবার (১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, চলতি বছরের প্রতিপাদ্য ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করি, আজকের প্রস্তুতিতে সুন্দর আগামী গড়ি’ দেশের উন্নয়ন কৌশলের সঙ্গে সরাসরি সম্পর্কিত।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন নয়; বরং এমন একটি সমাজ গড়ে তোলা, যেখানে প্রতিটি নাগরিক শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সমান সুযোগ পাবে। তিনি মনে করেন, জনমিতিক সুবিধাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ টেকসই উন্নয়নের পথে আরও দ্রুত এগিয়ে যেতে সক্ষম হবে।

তিনি বলেন, মানবসম্পদ উন্নয়ন, সার্বজনীন স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, পরিবার পরিকল্পনা কার্যক্রম আরও শক্তিশালী করা এবং নারী ও যুবসমাজের ক্ষমতায়নের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে তিনি বিশেষভাবে তরুণদের এ চেতনা ধারণ করে উন্নয়ন কার্যক্রমে সক্রিয় অংশীদার হওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে এমন এক প্রজন্মের ওপর, যারা জ্ঞান, দক্ষতা, প্রযুক্তি ব্যবহার এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হবে। এজন্য রাষ্ট্রকে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে তরুণরা মানসম্মত শিক্ষা গ্রহণের পাশাপাশি দক্ষতা অর্জন, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের সুযোগ পাবে। একই সঙ্গে নিজেদের সামর্থ্য ও মূল্যবোধের ভিত্তিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ পারিবারিক জীবন গঠনের পরিবেশও নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে তরুণরাই দেশের সবচেয়ে বড় সম্পদ। যুগোপযোগী দক্ষতা অর্জনের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা তৈরি হলে বাংলাদেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে। এ লক্ষ্যে সরকার আধুনিক দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা এবং উন্নত স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করা গেলে তরুণরা আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করতে পারবে। এর ফলে দায়িত্বশীল পরিবার গঠনসহ জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোও তারা আরও সচেতনভাবে নিতে সক্ষম হবে।

তিনি বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনের পূর্বশর্ত হলো সুস্থ জনগোষ্ঠী। এজন্য সবার জন্য সহজলভ্য, মানসম্মত ও জবাবদিহিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। পাশাপাশি পরিবার পরিকল্পনা কার্যক্রম আরও কার্যকর করা, প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরির উদ্যোগও অব্যাহত রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বাল্যবিবাহ, কিশোরী মাতৃত্ব এবং অপুষ্টি এখনও দেশের তরুণ জনগোষ্ঠীর বিকাশের বড় প্রতিবন্ধক। এসব সমস্যা শুধু ব্যক্তি বা পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকে না; বরং শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, মাতৃ ও শিশুর স্বাস্থ্য এবং জাতীয় উৎপাদনশীলতার ওপরও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে।

তিনি জানান, এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের জন্য মানসম্মত যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, পুষ্টি উন্নয়ন এবং জীবনদক্ষতাভিত্তিক শিক্ষা কার্যক্রম জোরদারে সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রতিটি তরুণ-তরুণী যদি সমান সুযোগ পেয়ে সুস্থ, শিক্ষিত, দক্ষ ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে ওঠে, তবে তারাই আগামী দিনের উন্নত, সমৃদ্ধ ও সম্ভাবনাময় বাংলাদেশের প্রধান চালিকাশক্তিতে পরিণত হবে।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি তরুণের আশা-আকাঙ্ক্ষা ও সম্ভাবনার বিকাশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একটি নিরাপদ, মানবিক ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

ভিওডি বাংলা/জা
 


 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: পিএমও
বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা
ফাইল ছবি
চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত
ছবি: ভিওডি বাংলা
প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে