আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে ক্রীড়া জ্যোতিষীর চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী

২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ বুধবার (১৫ জুলাই) ফুটবল বিশ্বের দুই শক্তিধর দল আর্জেন্টিনা ও ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে। বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই। ম্যাচকে ঘিরে সমর্থকদের উন্মাদনার মধ্যেই আলোচনায় এসেছে এক ক্রীড়া জ্যোতিষীর নতুন পূর্বাভাস।
দক্ষিণ আমেরিকার ফুটবলভিত্তিক পূর্বাভাসের জন্য পরিচিত জ্যোতিষী জর্জিও আরমাসের দাবি, দুই দলের শক্তির পার্থক্য খুবই সামান্য। তাই নির্ধারিত ৯০ মিনিট কিংবা অতিরিক্ত সময়েও কোনো দল জয় নিশ্চিত করতে পারবে না। তার ধারণা, ম্যাচের নিষ্পত্তি হতে পারে টাইব্রেকারে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার তথ্য অনুযায়ী, আরমাস সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ২০২৫ সালের ২৮ জুন দেওয়া নিজের একটি পুরোনো পোস্ট আবারও সামনে আনেন। ওই পোস্টে তিনি লিখেছিলেন, আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে এবং গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজকে টাইব্রেকারের জন্য প্রস্তুত থাকতে হবে।
পুরোনো পোস্টটি পুনরায় শেয়ার করে তিনি লেখেন, "ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছে। কত আগেই বলেছিলাম! দিবুকে প্রস্তুত থাকতে হবে; আমরা টাইব্রেকারে যাচ্ছি।"
তবে ম্যাচে শেষ পর্যন্ত কোন দল জয় পাবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো পূর্বাভাস দেননি আরমাস। তার মতে, আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সামর্থ্য প্রায় সমান হওয়ায় আগাম বিজয়ী নির্ধারণ করা কঠিন।
এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, "আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আমাদের লিওর সেরা ম্যাচের জন্য প্রস্তুত থাকতে হবে।"
জর্জিও আরমাস অতীতে দক্ষিণ আমেরিকার বিভিন্ন ক্লাব ও জাতীয় দল, যেমন কোলো-কোলো, আলিয়াঞ্জা লিমা, অলিম্পিয়া, বোকা জুনিয়র্স, রেসিং ক্লাব এবং আর্জেন্টিনা জাতীয় দলকে ঘিরে একাধিক জ্যোতিষভিত্তিক পূর্বাভাস দিয়ে আলোচনায় এসেছেন।
তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, এ ধরনের পূর্বাভাসের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণ হবে মাঠের পারফরম্যান্স, কৌশল এবং খেলোয়াড়দের নৈপুণ্যের ভিত্তিতেই।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য