• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সুন্দরবনে বনদস্যু-কোস্ট গার্ডের গোলাগুলিতে নিহত ১

নিজস্ব প্রতিবেদক    ২৬ জুন ২০২৬, ১১:২৪ পি.এম.
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলির ঘটনায় শওকত সরদার না‌মে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে সুন্দরবনের খুলনা রেঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুলাভাই বাহিনীর প্রধান রবিউল ইসলামকে আটক করেছে কোস্ট গার্ড।

নিহত শওকত সরদার ৩নং ওয়ার্ড মহেশ্বরীপুর এলাকার ইজহার সরদারের ছেলে। তিনি ৬নং ওয়ার্ডের তেতুল তলা গুচ্ছপাড়ায় থাকতেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়রা মহেশ্বরীপুর গ্রামের রবিউল ইসলামকে (৫০) সকাল ৯টা ৫৫ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কোস্ট গার্ডের সদস্যরা। তার হাতসহ শরীরে গুলির ক্ষত ছিল। চিকিৎসা শেষে তাকে আবার সঙ্গে নিয়ে যান তারা।

মহেশ্বরীপুর গ্রামের স্থানীয় বাসিন্দারা জানান, রবিউল ইসলামই বনদস্যু দুলাভাই বাহিনী প্রধান। একসময় সুন্দরবনের ত্রাস ছিল ‘ইলিয়াস বাহিনী’। তিনি মারা যাওয়ার পর ২০২৪ সালে ইলিয়াসের বোনের স্বামী রবিউল নতুন দল গড়ে তুললে স্থানীয় লোকজন এর নাম দেন ‘দুলাভাই বাহিনী’।

এদিকে নিহত শওকত সরদারের পরিবারের দাবি, তিনি বনদস্যু নন। সুন্দরবনের বনদস্যুরা তাকে তুলে নিয়ে মুক্তিপণের দাবিতে আটকে রেখেছিলেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কয়রা ফরেস্ট অফিস সংলগ্ন শিবসা নদীতে বিশেষ অভিযানে থাকা কোস্ট গার্ডের বোট টাইফুন-১৭’র মুখোমুখি হয় বনদস্যু দুলাভাই বাহিনীর দুটি কাঠের বোট। বোটে থাকা বনদস্যুরা কোস্ট গার্ডকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। আত্মরক্ষার জন্য কোস্ট গার্ডও পাল্টা গুলি চালায়। এ সময় বনদস্যুদের একটি বোট ডুবে যায় এবং অন্যটিতে আগুন লাগে। এ ঘটনায় শওকত সর্দার নামে একজন নিহত হন। গোলাগুলিতে দুলাভাই বাহিনীর প্রধান রবিউল ইসলাম আহত হন।

স্থানীয়রা জানান, কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেঁতুলতলার চর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে শিবসা নদী। নদীর ওপারেই সুন্দরবন। গ্রামের অধিকাংশ মানুষের জীবিকা বননির্ভর। মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহের জন্য তাদের নিয়মিত সুন্দরবনে যেতে হয়। তাই বন থেকে ভেসে আসা টানা গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতো দীর্ঘ সময় ধরে টানা গোলাগুলির ঘটনা আগে কখনো ঘটেনি।

তেঁতুলতলার চর গ্রামের বাসিন্দা কামরুল বলেন, প্রায় ৪৫ মিনিট গোলাগুলি হয়েছে। গ্রামের মানুষ ঘর থেকে রাস্তায় নেমে এসেছিল। প্রথমে সবাই ভেবেছে জাহাঙ্গীর বাহিনী ও দুলাভাই বাহিনীর মধ্যে গোলাগুলি হচ্ছে। পরে সকালে জেনেছি, কোস্ট গার্ডের সঙ্গে দুলাভাই বাহিনীর গোলাগুলি হয়েছে।

স্থানীয় আরেক বাসিন্দা জানান, রাতে গুলির শব্দে আগুনের শিখাও দেখা যাচ্ছিল। ঘটনাটি লোকালয় থেকে খুব বেশি দূরে না।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গতকাল রাত থেকে এখন পর্যন্ত সুন্দরবনে আমাদের অভিযান চলছে। কুখ্যাত দুলাভাই বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন অভিযানে রয়েছেন।

মহেশ্বরীপুর ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান খোকন বলেন, সুন্দরবনে দীর্ঘদিন ধরে বিভিন্ন বনদস্যু চক্র সক্রিয়। মাঝেমধ্যে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হলেও গতকাল রাতের মতো এত দীর্ঘ সময় ধরে গোলাগুলির ঘটনা অনেক দিন দেখা যায়নি। এতে তেঁতুলতলার চরসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ রাতভর আতঙ্কে কাটিয়েছেন।

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, সুন্দরবনে দুই পক্ষের গোলাগুলির ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে খবর পেয়েছি। তবে তিনি বনদস্যু কিনা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এছাড়াও বনদস্যু ‘দুলাভাই’ বাহিনীর প্রধান রবিউল ইসলাম ওরফে দুলাভাই গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আটক করা হয়েছে। সুন্দরবনের ভেতরে কোস্ট গার্ডের অভিযান চলমান রয়েছে।

এ বিষয়ে কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করা হলে বাহিনীর কর্মকর্তারা জানান, সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের রাতভর গোলাগুলি হয়েছে। এ ঘটনায় অভিযান চলছে। সকালে বাহিনীর প্রধানকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। এখনও অভিযান চলছে, পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল
চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু
নান্দাইলের মধুপুর-দেওয়ানগঞ্জ সড়ক
সড়ক ছিল গলার কাঁটা, প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে স্বস্তি
ছবি: সংগৃহীত
মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের দলীয় সভা, স্থানীয়দের ক্ষোভ