রাতে ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত জানাবেন মন্ত্রীরা

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪০ মিনিটে সফরসঙ্গীদের নিয়ে চীনের বেইজিং থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি বাংলাদেশ সময় রাত আনুমানিক ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, সরকারের জ্যেষ্ঠ মন্ত্রী এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও সেখানে উপস্থিত থাকবেন।
শায়রুল কবির বলেন, মালয়েশিয়া ও চীন সফর শেষে প্রধানমন্ত্রী ফলপ্রসূ সফর সম্পন্ন করে দেশের উদ্দেশে রওনা হয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর সফল ও নিরাপদ প্রত্যাবর্তন উপলক্ষে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
প্রসঙ্গত, মালয়েশিয়া ও চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন। সফরে দুই দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
ভিওডি বাংলা/এফএ








মন্তব্য