• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. এম শমশের আলী মারা গেছেন

ভিওডি বাংলা ডেস্ক    ৩ আগস্ট ২০২৫, ১০:৪১ এ.এম.
অধ্যাপক এম শমশের আলী- ছবি: সংগৃহীত

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. এম শমশের আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। 

তার বড় ছেলে জেহান আলী সংবাদটি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ রোববার (৩ আগস্ট) বাদ জোহর ধানমণ্ডির ৭ নম্বর রোডের বায়তুল আমান মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরহুমকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

অধ্যাপক শমশের আলী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সাউথইস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য। তিনি বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সাবেক সভাপতিও ছিলেন।

১৯৩৭ সালের ২১ নভেম্বর কুষ্টিয়ার ভেড়ামারায় জন্মগ্রহণ করেন শমশের আলী। তিনি ১৯৫৪ সালে যশোর জিলা স্কুল থেকে ম্যাট্রিক ও ১৯৫৬ সালে রাজশাহী কলেজ থেকে আইএসসি পাস করেন। একই বছর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে ১৯৫৯ সালে অনার্স এবং ১৯৬০ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬১ সালে পিএইচডি এবং ১৯৬৫ সালে থিওরেটিক্যাল নিউক্লিয়ার ফিজিক্সে দ্বিতীয় পিএইচডি ডিগ্রি লাভ করেন।

অধ্যাপক শমশের আলী ১৯৬১ সালে পাকিস্তান আণবিক শক্তি কমিশনে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। দেশে ফিরে ১৯৬৫ সালে ঢাকায় আণবিক শক্তি কেন্দ্রে সিনিয়র সায়েন্টিফিক অফিসার হিসেবে যোগ দেন। ১৯৭০ সালে তিনি আণবিক শক্তি কমিশনের পরিচালক নিযুক্ত হন এবং ১৯৭৮ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন।

১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে বিশেষ সম্মাননা দিয়ে অনারারি প্রফেসর অব ফিজিক্স হিসেবে মনোনীত করে। এরপর ১৯৮২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের পূর্ণকালীন অধ্যাপক হিসেবে যোগ দেন এবং ২০০৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য এবং ২০০২ থেকে ২০১০ সাল পর্যন্ত সাউথইস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সভাপতির দায়িত্বে ছিলেন।

২০২৪ সালের ২৪ মার্চ তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনে অনিয়ম করলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনে অনিয়ম করলে কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
শর্ত অনুকূল না হলে ডিপিওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি চুক্তি নয়
নৌপরিবহন উপদেষ্টা শর্ত অনুকূল না হলে ডিপিওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি চুক্তি নয়
নির্বাচনকে কেন্দ্র করে অসংখ্য অপতথ্য মোকাবেলা করছে সরকার
প্রেস সচিব: নির্বাচনকে কেন্দ্র করে অসংখ্য অপতথ্য মোকাবেলা করছে সরকার