• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচনে পুলিশি দায়িত্ব, দেশের ঐতিহাসিক পরীক্ষা: আইজিপি

নিজস্ব প্রতিবেদক    ৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩০ পি.এম.
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম -ছবি সংগৃহীত

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন কেবল ভোটগ্রহণের প্রক্রিয়া নয়, এটি জনগণের বিশ্বাসের প্রতিফলনের সুযোগ। পুলিশ সদস্যদের জন্য এই নির্বাচন নিরাপত্তা প্রদানের একটি ‘ঐতিহাসিক পরীক্ষা’ হিসেবে চিহ্নিত করেছেন তিনি।

রোববার (৭ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি পুলিশের উদ্দেশে বলেন, ‘নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয়, এটি গণতন্ত্রের শেকড়কে আরও দৃঢ় করার এক সুযোগ। নির্বাচনের সময় প্রায় দেড় লাখ পুলিশ মাঠে দায়িত্ব পালন করবেন। তাদের কর্মকাণ্ড জাতীয় ও আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণ হবে।’

আইজিপি জানান, প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যরা কেবল আইন শিখবেন না, বরং চাপের মধ্যেও নিরপেক্ষ থাকা, সংঘাত এড়িয়ে সমাধানকে অগ্রাধিকার দেওয়া এবং জনগণের আস্থা অর্জনের কৌশলও শিখবেন।

তিনি আরও বলেন, ‘সততা, দক্ষতা ও নিরপেক্ষতার মাধ্যমে দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি পুনঃপ্রতিষ্ঠা সম্ভব। আন্তর্জাতিকভাবে প্রমাণের সুযোগ এসেছে যে বাংলাদেশ পুলিশ একটি আধুনিক, গণতন্ত্রবান্ধব ও কার্যকর বাহিনী।’

আইজিপি পুলিশ সদস্যদের আহ্বান জানিয়ে বলেন, ‘প্রশিক্ষণে শেখা প্রতিটি কৌশল মাঠে কাজে লাগাতে হবে। সর্বোচ্চ ধৈর্য, বিচক্ষণতা ও আত্মসংযম প্রদর্শন করতে হবে এবং প্রয়োজনে ত্যাগ স্বীকারের জন্যও প্রস্তুত থাকতে হবে।’

তিনি আশা প্রকাশ করেন, ‘বাংলাদেশের ইতিহাসে আসন্ন নির্বাচন হবে সবচেয়ে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর। এজন্য জনগণের আস্থা অর্জন করতে হবে দক্ষতা, নিরপেক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে।’

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ
ঢাকায় ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ
ফেব্রুয়ারিতে এলপিজির দাম বাড়ল ৫০ টাকা
ফেব্রুয়ারিতে এলপিজির দাম বাড়ল ৫০ টাকা
পে স্কেল বাস্তবায়নের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা
পে স্কেল বাস্তবায়নের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা