• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইশরাক হোসেন:

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ

নিজস্ব প্রতিবেদক    ৩১ জানুয়ারী ২০২৬, ০১:০৭ পি.এম.
দয়াগঞ্জে সরদার আলী রোডে ঢাকা-৬-এর নির্বাচনী প্রচারণা শুরুতে এক পথসভায় বক্তব্য দেন ইশরাক-ছবি-ভিওডি বাংলা
দয়াগঞ্জে সরদার আলী রোডে ঢাকা-৬-এর নির্বাচনী প্রচারণা শুরুতে এক পথসভায় বক্তব্য দেন ইশরাক-ছবি-ভিওডি বাংলা

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে ঢাকা-৬ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের একটি দৃষ্টান্ত স্থাপন করা গেলে ভবিষ্যতের নির্বাচনগুলোও গণতান্ত্রিক হওয়ার সম্ভাবনা তৈরি হবে।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর দয়াগঞ্জে সরদার আলী রোডে ঢাকা-৬-এর নির্বাচনী প্রচারণা শুরুতে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, ১০ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে। এরপর ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্যদিয়ে ১৭ বছরের তীব্র আন্দোলন-সংগ্রাম, অসংখ্য প্রাণদান, গুম, খুন ও গণহত্যার শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু হবে।

এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, যে কোনো মূল্যে একটি সুষ্ঠু, স্বাভাবিক ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে।

বিএনপি অত্যন্ত ধৈর্য ও সহনশীলতার সঙ্গে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনের মাঠে রয়েছে। তবে দুঃখজনকভাবে দেশের বিভিন্ন স্থানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উসকানিমূলক আচরণ করছে এবং ব্যক্তিগত আক্রমণের চরম সীমা অতিক্রম করছে। তার নিজের ক্ষেত্রেও এমন আক্রমণের উদাহরণ তুলে ধরে ইশরাক হোসেন বলেন, তার মৃত বাবাকেও বারবার কটূক্তির মাধ্যমে টেনে আনা হচ্ছে।

ইশরাক হোসেন বলেন, এসব উসকানির জবাবে তারা কোনো সংঘর্ষে জড়াবেন না। কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতিতে পা না দিয়ে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করবেন। তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে ১২ ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ ও স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হওয়া এবং ভোটকেন্দ্রগুলোতে জনগণের ব্যাপক উপস্থিতির মাধ্যমে সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া।

বর্তমান পরিস্থিতিতে ক্ষমতা হারানোর আশঙ্কা থেকেই কিছু রাজনৈতিক দল নির্বাচনকে ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে জানান তিনি। এসব ষড়যন্ত্র তারা অতীতেও মোকাবিলা করেছেন এবং এবারও করবেন।

এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইশরাক হোসেন বলেন, অসুস্থতার কারণে অনুষ্ঠানে কিছুটা বিলম্ব হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করছেন। সর্বোচ্চ চেষ্টা ও ত্যাগের মাধ্যমে এই আসন বিএনপিকে উপহার দিতে চান এবং দলের চেয়ারম্যান তারেক রহমান তার এবং ঢাকা-৬ আসনের ওপর যে আস্থা রাখা হয়েছে, তার প্রতিদান দিতে চান।

তিনি আরও বলেন, এই আসন ধানের শীষের আসন, বিএনপির আসন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের আসন এবং শহীদদের রক্তে রঞ্জিত মাটি। ইনশাআল্লাহ কোনো কিছুই তাদের বিজয় রুখে দিতে পারবে না।

ভিওডি বাংলা-সবুজ/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জুলাইয়ে আমার জীবনে একজন বেহুলা এসেছিলেন: আহমেদ ইসহাক
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)
চরমোনাই পীর সংস্কার ও বিচারের দাবি পূরণ না হলে জুলাইয়ের উৎসর্গিত রক্তের সঙ্গে গাদ্দারি হবে
মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের বৈঠক
মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের বৈঠক