• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিশ্বকাপ ম্যাচ স্থগিতের দাবি, বিপদে ফ্রান্স-প্যারাগুয়ে লড়াই

ভিওডি স্পোর্টস ডেস্ক    ৩ জুলাই ২০২৬, ০৯:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রজুড়ে চলমান ভয়াবহ তাপপ্রবাহ এবার প্রভাব ফেলছে ফুটবল বিশ্বকাপেও। বিশেষ করে শনিবার ফিলাডেলফিয়ায় অনুষ্ঠেয় ফ্রান্স ও প্যারাগুয়ের নকআউট ম্যাচকে ঘিরে তৈরি হয়েছে বড় ধরনের উদ্বেগ। পূর্বাভাস অনুযায়ী, এটি হতে পারে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত ম্যাচগুলোর একটি।

এমন পরিস্থিতিতে খেলোয়াড়দের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো ও ক্রীড়া বিজ্ঞানীরা ম্যাচটি স্থগিতের জন্য ফিফার কাছে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের শেষ পর্যন্ত দেশটির পূর্ব ও মধ্যাঞ্চলে তীব্র দাবদাহ অব্যাহত থাকবে। ম্যাচ চলাকালে ফিলাডেলফিয়ার তাপমাত্রা ৩৭ দশমিক ৭৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। অতিরিক্ত গরম ও আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা প্রায় ৪৬ দশমিক ১১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

এরই মধ্যে সপ্তাহের শুরুতে নিউ জার্সিতে সুইডেনের বিপক্ষে ম্যাচে ফরাসি ফুটবলারদের জলকামানের সাহায্যে শরীর ঠাণ্ডা করতে দেখা গেছে। ওই ম্যাচে তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২২ ডিগ্রি সেলসিয়াস। যদিও ফিফা ম্যাচে কুলিং ব্রেক বা পানির বিরতির ব্যবস্থা রেখেছে, তবে বিশেষজ্ঞরা বলছেন, এই ব্যবস্থা বর্তমান পরিস্থিতির জন্য যথেষ্ট নয়।

ফুটবলারদের সংগঠন ফিফপ্রো এবং আমেরিকান কলেজ অফ স্পোর্টস মেডিসিনের নির্দেশনায় বলা হয়েছে, খেলোয়াড়দের নিরাপত্তার জন্য তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালেই ম্যাচ স্থগিত করা উচিত।

ডার্টমাউথ কলেজের জীববিজ্ঞানের অধ্যাপক রায়ান ক্যালসবেক জানিয়েছেন, তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে আর্দ্রতার কারণে মানবদেহ স্বাভাবিকভাবে নিজেকে ঠাণ্ডা রাখার ক্ষমতা হারাতে শুরু করে। এতে অ্যাথলেটদের হিট স্ট্রোকসহ গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়ার আশঙ্কা তৈরি হয়।

অন্যদিকে ইউনিভার্সিটি অফ কানেকটিকাটের কোরি স্ট্রিংগার ইনস্টিটিউটের সিইও ডগলাস কাসা বলেন, ফিফার নিয়ম অনুযায়ী ওয়েট-বাল্ব তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে ম্যাচ স্থগিত করার সুযোগ রয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, এই মাত্রার তাপমাত্রা এতটাই বিপজ্জনক যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে এমন পরিস্থিতিতে কালো পতাকা সংকেত দিয়ে সব ধরনের প্রশিক্ষণ বন্ধ করে দেওয়া হয়।

ভিওডি বাংলা/এমএস


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ ‘এ’ দলের কোচ হিসেবে রিয়াদ-ইমরুল
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনি গোলরক্ষক গুলিতে নিহত, ফিফাকে ঘিরে প্রশ্ন
ছবি: সংগৃহীত
মদ্রিচের বিদায়ে আবেগঘন মুহূর্ত