ফিলিস্তিনি গোলরক্ষক গুলিতে নিহত, ফিফাকে ঘিরে প্রশ্ন

ফিলিস্তিনের গোলরক্ষক সালিম আল-আশকার গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)। তাঁর মৃত্যুর খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও শ্রদ্ধার পাশাপাশি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ভূমিকা নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
পিএফএ জানায়, ৩২ বছর বয়সী আল-আশকার চলতি সপ্তাহের শুরুতে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে নিহত হন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর বরাত দিয়ে সংগঠনটি আরও জানায়, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে নিহত ফিলিস্তিনি ক্রীড়াবিদের সংখ্যা বেড়ে ১ হাজার ৯ জনে পৌঁছেছে। তাঁদের মধ্যে ৫৬৭ জনই ফুটবল অঙ্গনের সঙ্গে যুক্ত ছিলেন।
পিএফএর তথ্য অনুযায়ী, মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন আল-আশকার। তাঁর স্ত্রী তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় ছিলেন। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফাকে তাঁর এক স্বজন জানান, কাজ শেষে বাড়ি ফেরার পথে হামাদ সিটির উত্তর-পূর্বাঞ্চলে নিরস্ত্র বেসামরিক মানুষের ওপর গুলি চালানো হলে আল-আশকার বুকে গুলিবিদ্ধ হন।
তাঁর মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য মানুষ শোক প্রকাশ করেন। একই সঙ্গে অনেকে প্রশ্ন তোলেন, ইসরায়েলকে নিয়ে ফিফা কেন এখনো কোনো শাস্তিমূলক সিদ্ধান্ত নেয়নি।
চিলির ফুটবল ক্লাব দেপোর্তিভো প্যালেস্টিনো এক বিবৃতিতে আল-আশকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে। ক্লাবটি ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ উল্লেখ করে ন্যায়বিচার ও শান্তির আহ্বান জানায়।
তুরস্কের যুব ও ক্রীড়ামন্ত্রী ওসমান আশকিন বাকও শোক প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমানে ফিফা ক্লাব বিশ্বকাপে ৫৭২ জন ফুটবলার খেলছেন, অথচ ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ৫৬৭ জন ফিলিস্তিনি ফুটবলার নিহত হয়েছেন। তাঁর ভাষায়, “কখনো কখনো সংখ্যাই অনেক কিছু বলে দেয়।”
আল-আশকারের মৃত্যুর পর ফিফার বিরুদ্ধে সমালোচনাও নতুন গতি পেয়েছে। স্প্যানিশ-মরোক্কান ক্রীড়া সাংবাদিক লায়লা হামেদ অভিযোগ করেন, বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিলেও ইসরায়েলের বিষয়ে ফিফা বারবার সিদ্ধান্ত পিছিয়ে দিচ্ছে।
আয়ারল্যান্ডের সাবেক ইউরোপীয় পার্লামেন্ট সদস্য মিক ওয়ালেসও ফিফার ভূমিকার সমালোচনা করে আন্তর্জাতিক ফুটবলের জন্য নতুন নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয়তার কথা বলেন।
এদিকে সাংবাদিক, লেখক ও ফুটবল সমর্থকদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হলেও ইসরায়েলকে নিয়ে ফিফার অবস্থান কেন ভিন্ন।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আল-আশকারের মৃত্যুর ঘটনায় ফিফার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা শাস্তিমূলক পদক্ষেপের ঘোষণা আসেনি।
ভিওডি বাংলা








মন্তব্য