ইউপি দিয়েই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক কর্মপরিকল্পনা বা রোডম্যাপ তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি মাসের শেষের দিকে এটি চূড়ান্ত হতে পারে। পরিকল্পনা অনুযায়ী, আগামী আগস্টের দ্বিতীয় ভাগে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট শুরু করার লক্ষ্য রাখা হয়েছে।
জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনে সারা দেশকে হাওর ও উত্তর-পূর্বাঞ্চল, পার্বত্য ও উপকূলীয়, নদী প্রধান ও চরাঞ্চল এবং সমতল ও শহরাঞ্চল— এই চার ভাগে ভাগ করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে হাওর ও উত্তর-পূর্বাঞ্চলে ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করবে ইসি। পরে পর্যায়ক্রমে অন্যান্য অঞ্চলে ভোট অনুষ্ঠিত হবে।
আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ভোটকেন্দ্র চূড়ান্ত করা হবে। ওই তারিখ পর্যন্ত যাদের বয়স ১৮ বছর হবে, তারা ভোট দিতে পারবেন। বুথপ্রতি নারী ভোটার ৫০০ এবং পুরুষ ভোটার ৬০০ জন নির্ধারণ করা হবে। এ ছাড়া অক্টোবরের প্রথমার্ধে ভোটের সময় ধরে ৪১ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণার ব্যবস্থা করা হতে পারে।
নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে প্রয়োজনীয় আইন ও বিধি সংশোধন, ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনি সামগ্রী প্রস্তুত, ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণ, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় এবং নির্বাচনি বাজেট চূড়ান্ত করার কাজ চলছে।
ভোট গ্রহণের দিনের কার্যক্রম হিসেবে রোডম্যাপে বলা হয়েছে, ফলাফল সংগ্রহ ও বিতরণ, ডাকযোগে ফলাফল গ্রহণ, ভোট গ্রহণের ৩ থেকে ৪ দিনের মধ্যে ফলাফলের গেজেট প্রকাশ এবং ৬ থেকে ৭ দিনের মধ্যে নির্বাচিত প্রার্থীদের নামে গেজেট প্রকাশ করা হবে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপে বলা হয়েছে, ২০২১-২২ অর্থবছরের আগে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২৮৯টি ইউনিয়ন পরিষদের। ২০২১-২২ অর্থবছরে অনুষ্ঠিত হয়েছে ৩ হাজার ৯৮১টি, ২০২২-২৩ অর্থবছরে ১১০টি এবং ২০২৩-২৪ অর্থবছরে ৯২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে। মামলা, সীমানা জটিলতাসহ নানা কারণে দীর্ঘদিন নির্বাচন হয়নি ১০৮টি ইউনিয়ন পরিষদের। দেশে মোট ইউনিয়ন পরিষদ ৪ হাজার ৫৮০টি। এর মধ্যে চলতি বছরেই নির্বাচন উপযোগী হবে ৩ হাজার ৯৮১টি। বাকিগুলো ২০২৭ ও ২৮ সালের দিকে নির্বাচন উপযোগী হবে।
পৌরসভা নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী, দেশের মোট ৩৩০টি পৌরসভার মধ্যে নির্বাচন উপযোগী ৩২০টি। আইনি জটিলতার কারণে ১০টি পৌরসভা নির্বাচন উপযোগী নয়। উপজেলা পরিষদের রোডম্যাপ থেকে জানা যায়, কোনো উপজেলাতেই নির্বাচিত প্রতিনিধি না থাকায় সবই নির্বাচনের উপযোগী।
সিটি করপোরেশনের রোডম্যাপ অনুযায়ী, নতুন সিটি করপোরেশন বগুড়াসহ ১৩টি সিটি করপোরেশনের কোনোটিতেই নির্বাচিত প্রতিনিধি না থাকায় সবই নির্বাচনের উপযোগী।
স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেন, অক্টোবরকে লক্ষ্য ধরে ৪৫ দিন আগে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে। ৮০ ভাগ নিশ্চিত যে, ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে, যার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ভিওডি বাংলা/আরআই/এফএ








মন্তব্য