অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ ‘এ’ দলের কোচ হিসেবে রিয়াদ-ইমরুল

জাতীয় দলের ব্যস্ত সূচির মাঝেও থেমে নেই বাংলাদেশের অন্যান্য ক্রিকেট কার্যক্রম। টানা তৃতীয়বারের মতো টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৫ আগস্ট অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। এই সফরে দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মাহমুদউল্লাহ রিয়াদ, আর সহকারী কোচ হিসেবে থাকবেন ইমরুল কায়েস।
আগামী ২০ আগস্ট শুরু হবে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ, যা চলবে ৩০ আগস্ট পর্যন্ত। সফরে প্রধান কোচের দায়িত্বে থাকবেন সোহেল ইসলাম। তার সঙ্গে কোচিং স্টাফে যোগ দেবেন ইমরুল কায়েস ও মাহমুদউল্লাহ রিয়াদ।
বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ‘রিয়াদ বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং কোচ হিসেবে দলের সাথে যাবে। প্রধান কোচের দায়িত্বে থাকবেন সোহেল ইসলাম। এই সফরে সহকারী কোচ হিসেবে থাকবেন ইমরুল কায়েস। যেহেতু তিনি বর্তমানে অস্ট্রেলিয়াতেই আছেন, সেখান থেকেই দলের সাথে যোগ দেবেন।’
অস্ট্রেলিয়া সফরের পাশাপাশি চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরেও যাবে বাংলাদেশ ‘এ’ দল। সেই সিরিজে দলের দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য দলের পাশাপাশি অংশ নেয় বিভিন্ন দেশের উদীয়মান দলও। সর্বশেষ আসরে পাকিস্তান শাহীনস, বাংলাদেশ ‘এ’ এবং নেপাল জাতীয় দল অংশ নিয়েছিল।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য