১৮ কোটি মানুষের বিজয় চাই: শফিকুর রহমান

কিশোরগঞ্জের কটিয়াদি সরকারি কলেজ মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এক জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, “আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমি আঠারো কোটি মানুষের বিজয় চাই। ১৮ কোটি মানুষের বিজয় হলে সেটি সবার।’’
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডা. শফিকুর রহমান তার বক্তব্যে আরও বলেন, “১২ তারিখ পর্যন্ত জনগণের রায়কে সম্মান করুন। সুষ্ঠু নির্বাচনে যিনি নির্বাচিত হবেন, তাকে আমরা অভিনন্দন জানাতে প্রস্তুত। তবে চোরাই পথের কোনো নির্বাচন আমরা মেনে নেব না, হতে দেবে না।’’
তিনি দেশের স্বচ্ছতা ও অর্থনৈতিক উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, “যারা আমাদের দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা চুরি করে বিদেশে পালিয়ে গেছে, তাদের অর্থ উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে। এরপর সেই অর্থ দিয়ে দেশের ৫৬ হাজার বর্গমাইলের উন্নয়ন সাধন করা হবে।”
ডা. শফিকুর রহমান সতর্ক করেন, “সব চোরাই পথ বন্ধ করে দেওয়া হবে। যারা পেছন থেকে কামড়াচ্ছে, তারা চাইলে কামড়াকামড়ি করুক, আমরা আমাদের লক্ষ্য নিয়ে সামনের দিকে এগিয়ে যাব।’’
জনসভায় কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ রমজান আলী সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মেজর আখতারুজ্জামান রঞ্জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস সাঈদ বিন হাবিব, এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।
জনসভা শেষে ডা. শফিকুর রহমান কিশোরগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের প্রার্থীদের হাতে দলীয় মার্কা তুলে দেন এবং ভোট প্রার্থনা করেন।
ডা. শফিকুর রহমানের এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, দেশের জনগণের স্বার্থ ও উন্নয়নের প্রতি তাঁর মনোযোগ কেন্দ্রীভূত। রাজনৈতিক সহিংসতা ও দুর্নীতি রোধের প্রতিশ্রুতি দিয়ে তিনি নির্বাচনী প্রার্থীদের উৎসাহিত করেন।
ভিওডি বাংলা/জা







