• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জুলুম-নির্যাতন সহ্য করেও দেশ ছাড়িনি: জামায়াত আমির

টাঙ্গাইল প্রতিনিধি    ৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ পি.এম.
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের প্রধান ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আমরা আগামীতে মানবিক বাংলাদেশ গড়তে চাই। আমরা বসন্তের কোকিল নয়। অনেক জুলুম-নির্যাতন সহ্য করার পরও দেশ ছাড়িনি, এই মাটি ছেড়ে যাইনি।’

দেশব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা দু:খের সময় আপনাদের সঙ্গে ছিলাম। সুখের সময়ও আপনাদের সঙ্গে থাকবো। আমরা জাতিকে পিছিয়ে নিতে চাই না। আমরা জাতিকে এগিয়ে নিতে চাই। আগামী ১২ ফেব্রুয়ারি জাতি সুষ্ঠু নির্বাচন আদায় করে ছাড়বে।’

বিগত নির্বাচনগুলোর অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘বিগত ৫৪ বছরে অনেক নির্বাচন হয়েছে। অনেক ওয়াদা দেওয়া হয়েছে। কিন্তু ওয়াদা ওয়াদার জায়গায় রয়ে গেছে। জুলাই যুদ্ধে যুবকরা একটা দাবি করতেন, উই ওয়ান্ট জাস্টিস। আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে ইনসাফ থাকবে, যেখানে কর্মসংস্থানের সুযোগ থাকবে, নিরাপত্তা থাকবে।’

এই নির্বাচনকে ঐতিহাসিক আখ্যা দিয়ে জামায়াত আমির আরও বলেন, ‘এটা কোনো সাধারণ নির্বাচন নয়। এটি নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। দেড় হাজারের বেশি জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে এবারের নির্বাচন।’

এ সময় তিনি জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের সম্মানে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট মনোনীত প্রার্থীদের মঞ্চে পরিচয় করিয়ে দেন এবং তাদের পক্ষে ভোট চান।

টাঙ্গাইল-৫ (সদর) আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জামায়াতের ঢাকা উত্তরাঞ্চলের সদস্য হযরত মাওলানা দেলোয়ার হোসেন, জামায়াতের কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ খলিলুর রহমান মাদানী, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম এবং খেলাফত মজলিশের সাংগঠনিক সম্পাদক খন্দকার শাহাবুদ্দিনসহ অন্য নেতারা।

জনসভাকে কেন্দ্র করে টাঙ্গাইল শহরের বিভিন্ন সড়কে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। এ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

ভিওডি বাংলা/এমএস   


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)
চরমোনাই পীর সংস্কার ও বিচারের দাবি পূরণ না হলে জুলাইয়ের উৎসর্গিত রক্তের সঙ্গে গাদ্দারি হবে
মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের বৈঠক
মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের বৈঠক
ছাত্রদলের লোগো
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি