ইরানে হামলা হলে রুখে দাঁড়াতে প্রস্তুত হাজারো ইরাকি

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় ইরানে সম্ভাব্য মার্কিন হামলার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন হাজার হাজার ইরাকি নাগরিক। ইরানকে রক্ষায় স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নিতে ইতোমধ্যে তারা অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
শনিবার (৭ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই-এর এক প্রতিবেদনে জানানো হয়, ইরাকের দিয়ালা প্রদেশে অন্তত পাঁচ হাজার মানুষ একত্র হয়ে এই ঘোষণা দিয়েছেন। তারা বলেছেন, ইরাক, পূর্বাঞ্চলীয় প্রতিবেশী দেশ ইরান এবং তেহরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে ‘বিনা পারিশ্রমিকে’ রক্ষা করতে তারা প্রস্তুত।
প্রকাশিত বিবৃতিতে অংশগ্রহণকারীরা বলেন, “আমাদের নিরাপত্তা বাহিনী, পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) এবং ইরানকে সহায়তা করার জন্য স্বেচ্ছাসেবী হিসেবে আমরা আমাদের প্রস্তুতি ঘোষণা করছি।” একই সঙ্গে তারা “ইসলামী প্রজাতন্ত্রে মার্কিন হস্তক্ষেপকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান” করার কথাও জানান।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনার মধ্যেই ইরাকের নাগরিকদের এমন অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানে আকস্মিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন। অপরদিকে ইসরায়েল দাবি করেছে, ট্রাম্প ইরানে সরকার পতন ও সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন।
এই প্রেক্ষাপটে ইরানের উপকূলবর্তী জলসীমার কাছে মার্কিন বিমানবাহী রণতরীগুলো অবস্থান নিয়েছে বলে জানা গেছে। পাশাপাশি ইসরায়েলও ঘোষণা দিয়েছে, তারা যেকোনো ধরনের যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুত।
ভিওডি বাংলা/এমএস







