নির্বাচন ও গণভোটে নৌযান চলাচলে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন এবং তার আগে ও পরে নির্দিষ্ট নৌযান চলাচলে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নিষেধাজ্ঞা সংক্রান্ত নির্দেশনা জারি করেছেন ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন।
নির্দেশনায় বলা হয়েছে, ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত লঞ্চ ও ইঞ্জিনচালিত বোটসহ নির্দিষ্ট রুট ব্যতীত সব নৌযান চলাচল নিষিদ্ধ থাকবে।
তবে কিছু ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা শিথিলযোগ্য হবে। এর মধ্যে রয়েছে:
প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্ট, দেশি ও বিদেশি পর্যবেক্ষক (পরিচয়পত্রসহ), নির্বাচনের সংবাদ সংগ্রহে নিয়োজিত দেশি ও বিদেশি সাংবাদিক (পরিচয়পত্রসহ), নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য
অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগসহ জরুরি সেবার নৌযান এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। এছাড়া প্রধান নৌপথ, বন্দর কার্যক্রম, জরুরি পণ্য পরিবহনসহ প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনে নিষেধাজ্ঞা শিথিল করতে পারবে।
নিষেধাজ্ঞার আওতা ভোটার ও সাধারণ জনগণের চলাচল এবং দূরপাল্লার নৌযান পর্যন্ত প্রযোজ্য হবে না।
এছাড়া, স্থানীয় প্রয়োজন ও বাস্তবতা বিবেচনায় আরও কিছু নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও অন্যান্য কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ক্ষমতা প্রদানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
ভিওডি বাংলা/এমএস







