• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচনী কার্যক্রমে নিয়োজিত নারীদের নিরাপত্তা নিশ্চিতে রিটের শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক    ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত

নির্বাচনী কার্যক্রমে নিয়োজিত নারীদের ভোটের দিন পর্যন্ত নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রিটের শুনানি আজ।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই বিষয়ে রুল আদেশের দিন ধার্য করেছেন।

গত ৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী মুহম্মদ মিসবাহ উদ্দিন এই সংক্রান্ত রিট আবেদন করেন। রিটে নির্বাচন কমিশন (ইসি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিবাদী করা হয়েছে।

আবেদনের পক্ষে আইনজীবী মোহম্মদ মিসবাহ উদ্দিন গণমাধ্যমকে বলেন, “পছন্দসই প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে নিয়োজিত নারী, বিশেষ করে হিজাব পরিহিতরা দেশের বিভিন্ন জেলায় নির্দিষ্ট গ্রুপের মাধ্যমে ভয়ভীতি, হামলা ও হয়রানির শিকার হয়েছেন। এ ধরনের হামলা–আক্রমণ বিদ্যমান আইনে শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ। শুধু তা-ই নয়, সংবিধান অনুযায়ী এটি মৌলিক অধিকারের গুরুতর লঙ্ঘন।”

রিট আবেদনে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচার বা অন্য কোনো আইনগত কার্যক্রমে নিয়োজিত নারীদের মৌলিক অধিকার সুরক্ষায় অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না—এ বিষয়ে রুল জারি করার আবেদন করা হয়েছে। একইসঙ্গে, রুলে নির্দেশ চাওয়া হয়েছে, সংশ্লিষ্ট নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সকল রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হোক।

রিটে উল্লেখ করা হয়েছে, রুল জারি হলে বিচারাধীন অবস্থায় অন্তর্বর্তীকালীন নির্দেশনা দেওয়ারও প্রার্থনা করা হয়েছে, যাতে নির্বাচনী কাজে নিয়োজিত নারীরা নিরাপদে তাদের কার্যক্রম চালাতে পারেন।

ভিওডি বাংলা/এমএস   

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে নাহিদের করা রিট খারিজ
বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের বিরুদ্ধে নাহিদের করা রিট খারিজ
বিএনপি প্রার্থীর বিরুদ্ধে নাহিদের রিট শুনানি হতে পারে আজ
বিএনপি প্রার্থীর বিরুদ্ধে নাহিদের রিট শুনানি হতে পারে আজ
সাবেক ডিবি প্রধানসহ ১০ জন ট্রাইব্যুনালে
গাজীপুরের জঙ্গি নাটক: সাবেক ডিবি প্রধানসহ ১০ জন ট্রাইব্যুনালে