• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমান:

বিদেশে যেতে আর জমি বিক্রি করতে হবে না

নিজস্ব প্রতিবেদক    ৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ পি.এম.
বনানী কামাল আতাতুর্ক মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তারেক রহমান-ছবি: সংগৃহীত

দেশ পুনর্গঠনের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ধানের শীষের রাজনীতি সবাইকে সঙ্গে নিয়েই বাংলাদেশ পুনর্গঠনের পথে এগোবে। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী কামাল আতাতুর্ক মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান।

এ সময় তিনি ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান। এলাকার সঙ্গে পারিবারিক ও আবেগী সম্পর্ক রয়েছে বলেন তিনি।

তারেক রহমান বলেন, বনানী এলাকা তাঁর ও তাঁর ভাইয়ের বেড়ে ওঠার স্থান এবং এখানেই তাঁদের জন্ম। তাঁদের পরিবার ও সন্তানদের জন্মও এই এলাকায়। ফলে এ এলাকার মানুষের সঙ্গে তাঁদের গভীর পারিবারিক, মানসিক ও আত্মিক সম্পর্ক রয়েছে।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও জীবনের দীর্ঘ সময় এই এলাকাতেই কাটিয়েছেন। এ কারণেই বনানীর মানুষের সঙ্গে তাঁদের সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, আবেগ ও বিশ্বাসের জায়গায়ও দৃঢ়।

জনগণের প্রত্যাশা ও বিএনপির কর্মসূচি
নির্বাচনের সময় জনগণের প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেড়ে যায় উল্লেখ করে তারেক রহমান বলেন, একটি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রতি দেশের মানুষের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশাকে সামনে রেখেই বিএনপি নির্বাচনী ইশতেহার ও কর্মসূচি প্রণয়ন করেছে।

বিএনপি চেয়ারপারসন জানান, আগামী ১২ তারিখ ধানের শীষকে বিজয়ী করতে মাঠপর্যায়ে সুনির্দিষ্ট কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সরকার গঠন করতে পারলে সব শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তারেক রহমান বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। নারীদের অর্থনৈতিক স্বাবলম্বীকরণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। বিএনপি সরকার গঠন করলে পর্যায়ক্রমে গৃহিণী ও মায়েদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে ন্যূনতম আর্থিক সহায়তা নিশ্চিত করা হবে।

কৃষি খাতকে দেশের অর্থনীতির মূলভিত্তি উল্লেখ করে তারেক রহমান বলেন, সরকার গঠন করলে কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করা হবে। এর মাধ্যমে প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকরা সরাসরি সরকারি সহায়তা পাবেন এবং কৃষি উৎপাদন বাড়বে। বেগম খালেদা জিয়ার শাসনামলে নারী শিক্ষার প্রসার ঘটেছিল। সেই ধারাবাহিকতায় শিক্ষিত ও প্রান্তিক নারীদের কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করা হবে।

তরুণদের বেকারত্বকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আইটি ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ করে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। বিদেশে যেতে ইচ্ছুকদের জন্য স্বল্পসুদে ব্যাংক ঋণের ব্যবস্থাও করা হবে।

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। তাঁরা ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্যসেবা দেবেন, বিশেষ করে নারী ও শিশুদের জন্য। এ ছাড়া ধর্মীয় নেতাদের জন্য সম্মানজনক জীবনযাপনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

তারেক রহমান জানান, বিএনপি একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায়-যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিচার হবে। জনগণই রাষ্ট্রক্ষমতার প্রকৃত উৎস-এই বিশ্বাস থেকেই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ পুনর্গঠনের আহ্বান জানান তিনি।

জনসভা শুরুর আগে ঢাকা মহানগর উত্তর ওলামা দলের সদস্যসচিব সাইফুল ইসলাম কোরআন তেলাওয়াত করেন। এ সময় ঢাকা–১৭ আসনে মোরগ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ তাঁর প্রার্থিতা প্রত্যাহার করে তারেক রহমানের প্রতি সমর্থন জানান। তিনি বলেন, ‘তারেক রহমান শুধু ঢাকা–১৭ নয়, পুরো বাংলাদেশের জন্য যোগ্য নেতৃত্ব।

জনসভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, ড্যাব সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউর রহমান ফাহিম, সদস্য আবুল কালাম আজাদ, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মমিন, সাধারণ সম্পাদক শাহেদ আলী, বনানী থানা যুবদলের সাবেক সভাপতি সাধারণ সরকারসহ স্থানীয় নেতাকর্মীরা। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-১০ আসনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
ঢাকা-১০ আসনের নির্বাচনী জনসভায় জনতার ঢল
জুরাইনে তারেক রহমানের পথসভার প্রস্তুতি সম্পন্ন : তানভীর আহমেদ
জুরাইনে তারেক রহমানের পথসভার প্রস্তুতি সম্পন্ন : তানভীর আহমেদ
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান