৮১ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ

নির্বাচনের মাঠে প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কড়া সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে যে কোনো ব্যক্তির নিজ নির্বাচনী এলাকার বাইরে অবস্থান ৮১ ঘণ্টার জন্য নিষিদ্ধ করা হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এই নিষেধাজ্ঞা কার্যকরের নির্দেশনা পাঠান। নির্দেশনাটি দেশের সব জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন নিরপেক্ষ, প্রভাবমুক্ত ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়—সে জন্য নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি, নির্বাচনী কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা বা ভোটার ছাড়া অন্য কেউ ওই এলাকায় অবস্থান করতে পারবেন না।
এই বিধিনিষেধ কার্যকর থাকবে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার ২৪ ঘণ্টা পর পর্যন্ত। অর্থাৎ ১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থান নিষিদ্ধ থাকবে।
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) একযোগে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ভিওডি বাংলা/এমএস







