মোবাইল না নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহারের আশ্বাস ইসির

নির্বাচন কমিশন (ইসি) ভোটকেন্দ্রের ভেতরে এবং আশপাশের ৪০০ গজ এলাকায় সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের আশ্বাস দিয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে এই তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
এর আগে রোববার ইসি ঘোষণা করেছিল, “ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না।”
এর প্রতিবাদে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সদস্যরা ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে ইসি সচিব সাংবাদিকদের মোবাইল ব্যবহার সংক্রান্ত এই নিষেধাজ্ঞা শিথিল করার আশ্বাস দেন।
সাক্ষাতের পর আরএফইডি সভাপতি কাজী জাবেল বলেন, “ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছি। এমন পদক্ষেপ নির্বাচনের স্বচ্ছতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বাধা সৃষ্টি করবে। সাংবাদিকদের দায়িত্ব পালন করতে মোবাইল ফোন অপরিহার্য।“
তিনি আরও জানান, ইসি এই বিষয়ে ইতিবাচক প্রতিশ্রুতি দিয়েছে এবং শিগগিরই বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জন্য এই নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত জানানো হবে।
ভিওডি বাংলা/এমএস







