• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমানের নেতৃত্বেই ঢাকা-৯ গড়ার প্রত্যয় হাবিবের

নিজস্ব প্রতিবেদক    ৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ পি.এম.
বাসাবো বালুর মাঠে নির্বাচনী জনসভায় সভাপতির বক্তব্যে দেন হাবিব-ছবি-ভিওডি বাংলা

ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, তারেক রহমান এই প্রজন্মের আশার প্রতীক এবং তার নেতৃত্বেই ঢাকা-৯ আসনকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলা হবে। 

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানী বাসাবো বালুর মাঠে নির্বাচনী জনসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন,  ‘আমি যতদিন বেঁচে থাকব, জীবনে আর কিছু না পেলেও আমাদের চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা কোনো দিন ভুলতে পারব না।

নিজের গুলিবিদ্ধ হওয়ার ঘটনার কথা উল্লেখ করে হাবিব বলেন, অপারেশন থিয়েটার থেকে বের হওয়ার পর প্রথম যে কণ্ঠ তিনি শুনেছিলেন, সেটি ছিল তারেক রহমানের। আজকের এই সভার প্রধান অতিথির কণ্ঠই সেদিন তার কানে প্রথম এসেছিল বলে তিনি জানান।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা তুলে ধরে হাবিব বলেন, দেশের জন্য তাঁদের আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি আগামী দিনে দলীয় চেয়ারম্যান তারেক রহমানকে বিজয়ী করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার  জন্য ভোটারদেরকে আহ্বান জানান।

ঢাকা-৯ আসনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বিএনপির এই প্রার্থী বলেন, এলাকা দীর্ঘদিন ধরে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। দিনে গ্যাস না থাকায় রাতে রান্না করতে হয়, রাস্তাঘাটের অবস্থা ভালো নয়, খেলার মাঠ নেই ও একটি মাত্র হাসপাতাল রয়েছে। গত ১৫–১৬ বছরে নতুন কোনো হাসপাতাল গড়ে ওঠেনি বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, জলাবদ্ধতা, চিকিৎসাসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংকটে এলাকার মানুষ ভোগান্তিতে আছে। এসব সমস্যা সমাধানে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের নেতৃত্বে ঢাকা-৯ আসনকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নিহত ও নিখোঁজ নেতাকর্মীদের কথা স্মরণ করে হাবিব বলেন, যারা রক্ত দিয়েছে ও জীবন দিয়েছে, তাদের রক্তের ঋণ আগামী দিনে শোধ করতে চান তারা। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

শেষে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

ভিওডি বাংলা-সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-৪ আসনে নির্বাচনী জনসভায় জনতার ঢল
ঢাকা-৪ আসনে নির্বাচনী জনসভায় জনতার ঢল
দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
ঢাকা-৯ আসনে বিএনপির নির্বাচনী জনসভায় জনসমুদ্র
ঢাকা-৯ আসনে বিএনপির নির্বাচনী জনসভায় জনসমুদ্র