• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জামায়াত আমির

পরিবর্তনের বিরোধিতা মানেই অপকর্ম টিকিয়ে রাখার চেষ্টা

ভিওডি বাংলা ডেস্ক    ৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ পি.এম.
জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি মৌলিক পরিবর্তন চায়। কিন্তু একটি প্রভাবশালী মহল সেই পরিবর্তনের বিরোধিতা করছে। কারণ পরিবর্তন হলে তাদের অপকর্মের পথ বন্ধ হয়ে যাবে এবং মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ থাকবে না। তিনি বলেন, ‘এই সংস্কৃতি বদলানোর সাহস সবার থাকে না। ক্ষমতাবানদের বিরুদ্ধে দাঁড়ানোর হিম্মত সবার নেই।’

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি।

ভাষণের শুরুতে তিনি জুলাইয়ের আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে জুলাইয়ের রক্তক্ষয়ী সংঘাতে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাইয়ের আন্দোলন কোনো একক গোষ্ঠীর ছিল না; এটি ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রতিবাদ। তরুণ, নারী, শ্রমিক, রিকশাশ্রমিক, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাস্তায় নেমেছিল। এমনকি দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সদস্যরাও তখন দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, জনগণ আর কখনো এমন পরিস্থিতি দেখতে চায় না, যেখানে অধিকার আদায়ে মানুষকে রাস্তায় নামতে হয়। ‘আমরা বুঝতে চাই, জুলাই কেন হয়েছিল। জুলাই হয়েছিল বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এবং কালো রাজনৈতিক ধারার পরিবর্তনের জন্য,’—বলেন তিনি।

ভাষণে তিনি পরিবারতন্ত্র ও নির্দিষ্ট গোষ্ঠীর হাতে ক্ষমতা কুক্ষিগত থাকার অভিযোগ তুলে ধরে বলেন, বিশেষ করে ২০০৯ সালের পর মানবাধিকার, ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। গুম, বিচারবহির্ভূত হত্যা ও তথাকথিত ‘আয়নাঘর’ প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের ওপর নিপীড়ন চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনকে ভোটাধিকার বঞ্চনার ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান প্রজন্ম একটি নতুন দেশের স্বপ্ন দেখছে, যাকে তারা “নতুন বাংলাদেশ” বা “বাংলাদেশ ২.০” নামে কল্পনা করছে। তাঁর ভাষায়, দেশের তরুণরা পরিশ্রমী, সাহসী, মেধাবী এবং প্রযুক্তিতে দক্ষ। ‘তারাই আগামীর বাংলাদেশ গড়বে,’—বলে তিনি তরুণদের প্রতি আস্থা প্রকাশ করেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামী তরুণদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায় এবং প্রচলিত বিভেদ ও বিভাজনের রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে চায়। “আমরা সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চাই—যেখানে রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের,”—উল্লেখ করেন তিনি।

রাষ্ট্র সংস্কারের বিষয়ে জামায়াত আমির বলেন, জনগণ নিরাপত্তা, সুশাসন ও ইনসাফ চায়। জুলাই-পরবর্তী সরকার কিছু সংস্কার পরিকল্পনা নিলেও সেগুলোর অনেকটাই বাস্তবায়িত হয়নি বা প্রাথমিক পর্যায়ে রয়ে গেছে। এ কারণে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার অব্যাহত রাখতে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বানও জানান।

নারী ও সংখ্যালঘু অধিকার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, নারীর মর্যাদা নিশ্চিত না হলে কোনো সমাজ উন্নত হতে পারে না। জামায়াত ক্ষমতায় এলে নারীরা ঘরের বাইরে সমাজের মূলধারার নেতৃত্বে সম্মানের সঙ্গে ভূমিকা রাখবেন বলে তিনি আশ্বাস দেন। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সবার দেশ। কেউ ধর্মীয় পরিচয়ের কারণে ভয়ের মধ্যে থাকবে না।

আন্তর্জাতিক সম্পর্ক ও জলবায়ু পরিবর্তনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সমমর্যাদার ভিত্তিতে আন্তর্জাতিক ও আঞ্চলিক সম্পর্ক গড়ে তোলা হবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসনে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হবে।

ভাষণের শেষাংশে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে জাতির জন্য একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, এই নির্বাচনের মাধ্যমেই সৎ, দক্ষ ও নিষ্ঠাবান নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব। তিনি বলেন, ‘রাজনৈতিক কথার ফুলঝুরি নয়, বাস্তবতার আলোকে নেতৃত্ব নির্বাচন করতে হবে।’

ডা. শফিকুর রহমান আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীদের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

ভিওডি বাংলা/ আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গানের সুরে ভরা উচ্ছসিত ধূপখোলা মাঠ
গানের সুরে ভরা উচ্ছসিত ধূপখোলা মাঠ
আমার এই বর্ধিত হায়াত মানুষের সেবা করার জন্য
সালাহউদ্দিন আহমদ: আমার এই বর্ধিত হায়াত মানুষের সেবা করার জন্য
ঢাকা-৬ আসন ধুপখোলা মাঠে জনতার স্রোত
ঢাকা-৬ আসন ধুপখোলা মাঠে জনতার স্রোত