আগামী সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিনে সরকার হবে জনগণের কাছে সম্পূর্ণভাবে দায়বদ্ধ। রাষ্ট্র পরিচালনায় জনগণের সমর্থন পেলে বিএনপি সরকার দুর্নীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ কঠোরতা দেখাবে এবং দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠা করবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি। ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হয়।
তারেক রহমান বলেন, জনগণের কাছে রাষ্ট্র ও সরকারকে দায়বদ্ধ রাখার কোনো বিকল্প নেই। “আপনারাই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস। সে কারণেই আপনাদের কাছেই আমার অঙ্গীকার,”—বলেন তিনি।
তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনামলে ২০২৪ সালের ৭ জানুয়ারির তথাকথিত ডামি নির্বাচনে তিনি জনগণকে ভোট বর্জনের আহ্বান জানিয়েছিলেন। “আজ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আমি আবারও আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি—১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন,”—বলেন বিএনপি চেয়ারম্যান।
বিশেষ করে তরুণ ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক।”
তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারি জনগণ ধানের শীষের প্রার্থীদের দায়িত্ব দেবেন, আর ১৩ ফেব্রুয়ারি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা জনগণের দায়িত্ব নেবেন। নির্বাচিত প্রতিনিধিরা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন কিনা—সে বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব তিনি নিজেই নেবেন বলে আশ্বাস দেন।
তিনি বলেন, “আপনাদের সমর্থন পেলে রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলনীতি হবে মহানবীর আদর্শ—ন্যায় প্রতিষ্ঠা।” একই সঙ্গে আবারও ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
বিএনপি চেয়ারম্যান বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাফল্যের রাজনৈতিক ধারা অব্যাহত রাখতেই তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নিয়েছেন।
২০০১ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, সে সময় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেও তিনি সরকারে ছিলেন না। তবে একজন কর্মী হিসেবে তিনি দেশের জেলা-উপজেলা, গ্রাম ও শহর ঘুরে সাধারণ মানুষের সমস্যা ও সম্ভাবনা বোঝার চেষ্টা করেছেন।
তিনি বলেন, রাজনৈতিক বাস্তবতার কারণে বিদেশে অবস্থান করতে হলেও তাঁর হৃদয় ও মন ছিল বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের সঙ্গে। “বিদেশে থেকেও আমি দেশের প্রতিটি এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করেছি,”—বলেন তিনি। দেশে ফিরে স্বল্প সময়ের মধ্যেই যতটা সম্ভব জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
তারেক রহমান বলেন, বিএনপির প্রতি জনগণের আবেগ ও ভালোবাসা তিনি গভীরভাবে উপলব্ধি করেছেন। “১২ ফেব্রুয়ারি আবারও আপনাদের সেই ভালোবাসা প্রকাশের দিন,”—বলেন তিনি।
ভাষণে তিনি স্বীকার করেন, অতীতে রাষ্ট্র পরিচালনার সময় বিএনপির কিছু অনিচ্ছাকৃত ভুল ও ত্রুটি ছিল। এ জন্য তিনি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। তবে তিনি বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে ভিত্তি করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও উন্নত বাংলাদেশ গড়তে চান।
তারেক রহমান বলেন, দেশ ও জনগণের কল্যাণে এবং প্রতিটি পরিবারের জন্য বিএনপি যে পরিকল্পনা গ্রহণ করেছে, তা বাস্তবায়নের জন্য ধানের শীষে জনগণের সমর্থন প্রয়োজন। “সেই লক্ষ্যেই আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আপনাদের ভোট চাই,”—বলেন তিনি।
ভিওডি বাংলা/ আরিফ







