নির্বাচনে প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতের দাবি টিআইবির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারী, সংখ্যালঘু, প্রতিবন্ধী ও লিঙ্গ বৈচিত্র্যের জনগোষ্ঠী ভোটাধিকার প্রয়োগে ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
টিআইবি মনে করছে, প্রান্তিক ভোটারদের জন্য নিরাপদ এবং সমান পরিবেশ নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব উদ্বেগ প্রকাশ করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
ড. ইফতেখারুজ্জামান বলেন, “মাঠপর্যায়ের পর্যবেক্ষণ অনুযায়ী দেখা গেছে, নির্বাচন-পূর্ব এবং নির্বাচনকালীন সময়ে প্রান্তিক জনগোষ্ঠী বিভিন্ন ধরনের নিরাপত্তাহীনতা ও ভয়ভীতির সম্মুখীন হচ্ছে। বিশেষ করে প্রতিবন্ধী ভোটারদের জন্য কেন্দ্রে প্রবেশের সুব্যবস্থা নেই। পাশাপাশি নারী ও ধর্মীয় সংখ্যালঘু ভোটারদের কেন্দ্রে যেতে বাধা বা ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।”
তিনি আরও জানান, স্থানীয় পর্যায়ে কোনো সমস্যা সৃষ্টি হলে তা দ্রুত সমাধানের কার্যকর ব্যবস্থার অভাব রয়েছে। তাই প্রান্তিক ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের দাবি জানিয়েছে টিআইবি।
বৈঠকে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সেলের কর্মকর্তাদের কাছে এসব উদ্বেগ বিস্তারিত তুলে ধরা হয়। কমিশনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, নাগরিক সমাজ বা বিভিন্ন সংগঠনের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রয়োজনীয় প্রতিরোধমূলক এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
ড. ইফতেখারুজ্জামান আশা প্রকাশ করেন, কমিশন শুধু আশ্বাসই নয়, মাঠপর্যায়ে এ ব্যবস্থা বাস্তবায়ন করবে, যাতে দেশের প্রতিটি নাগরিক সমানভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
তিনি বলেন, “ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা জাতীয় গণতন্ত্রের জন্য অপরিহার্য। নারী, সংখ্যালঘু, প্রতিবন্ধী ও লিঙ্গ বৈচিত্র্যের জনগোষ্ঠী যেন কোনো ভয় বা বাধার মুখে না পড়ে, এ নিশ্চিত করতে হবে।”
টিআইবির এই পদক্ষেপ নির্বাচনকালীন নিরাপত্তা বিষয়ে নাগরিক সমাজ ও কমিশনের মধ্যে সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ভিওডি বাংলা/জা







