টাকাসহ আটক জেলা জামায়াতের দুই আমির

পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ও কাকড়া বুনিয়া ইউনিয়ন থেকে জামায়াতের দুই নেতা মো. আমির হোসেন ও সৈয়দ কামাল হোসেনকে নগদ অর্থসহ আটক করেছে পুলিশ। মাধবখালী ইউনিয়ন থেকে মো. আমির হোসেনকে বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৬টায়, আর কাকড়া বুনিয়া ইউনিয়ন থেকে সৈয়দ কামাল হোসেনকে সন্ধ্যায় আটক করা হয়।
জামায়াত ইসলামী নেতৃত্বাধীন পটুয়াখালী-১ আসনের ১১ দলীয় জোট প্রার্থীর মিডিয়া সেলের প্রধান মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম বলেন, “আমরা এরকম ঘটনা শুনেছি। সেখানে ম্যাজিস্ট্রেট গিয়েছেন।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোসা. মলিহা খানম জানান, “মাধবখালী থেকে আটক ব্যক্তিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। কাকড়া বুনিয়ার ঘটনায় আমাদের ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। সেখানে অল্প কিছু নগদ পাওয়া গেছে, যা জব্দ ও নিষ্পত্তি করা হয়েছে।”
১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ডা. ওহাব মিনার অভিযোগ করেছেন, “মির্জাগঞ্জের মাধবখালী ইউনিয়নের প্রধান নির্বাচন পরিচালনাকারী আমীর হোসেন ও কাকড়া বুনিয়ার সৈয়দ কামাল হোসেনকে আলতাফ হোসেন চৌধুরীর লোকজন মারধর করে আহত করেছে। বর্তমানে ওই ইউনিয়নে তাদের এজেন্ট নিয়োগ কার্যক্রম স্থগিত রয়েছে।”
ভিওডি বাংলা/এমএস







