• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আবার কাছাকাছি হানিয়া–অসীম

বিনোদন ডেস্ক    ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২০ পি.এম.
হানিয়া আমির ও অসীম আজহার-ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিনোদন অঙ্গনে ফের চর্চার কেন্দ্রে জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে ঘিরে বিয়ের গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যম ও শোবিজভিত্তিক সংবাদমাধ্যমে জোর গুঞ্জন—আগামী রমজানেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে পারেন তিনি। আর সম্ভাব্য পাত্র হিসেবে ঘুরে ফিরে আসছে গায়ক অসীম আজহারের নাম।

নিজের প্রাণবন্ত উপস্থিতি, অভিনয় দক্ষতা এবং ব্যক্তিত্ব দিয়ে দর্শকের মনে শক্ত অবস্থান তৈরি করেছেন হানিয়া আমির। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি ভক্তদের আগ্রহের কেন্দ্রে। ব্যক্তিগত জীবন নিয়েও নানা সময়ে আলোচনা তৈরি হয়েছে। এবার সেই আলোচনাই নতুন মাত্রা পেয়েছে বিয়ের খবরকে ঘিরে।

বিভিন্ন পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, গায়ক অসীম আজহার–এর সঙ্গে হানিয়ার পুরনো সম্পর্ক আবারও জোড়া লেগেছে। শোনা যাচ্ছে, তারা নাকি পারিবারিকভাবে বিষয়টি এগিয়ে নিচ্ছেন এবং রমজান মাসেই ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

তবে এ বিষয়ে এখনো পর্যন্ত হানিয়া আমির, অসীম আজহার কিংবা তাদের ম্যানেজমেন্ট টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি এখনো গুঞ্জনের পর্যায়েই রয়েছে।

এর আগে কয়েক মাস ধরেই পাকিস্তানের একাধিক বিনোদনমাধ্যমে খবর প্রকাশ হয়—এই দুই তারকা আবার যোগাযোগ শুরু করেছেন এবং নিয়মিত দেখা করছেন। যদিও সে সময়ও দুজনের কেউই সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি।

একসময় শোবিজের সবচেয়ে আলোচিত জুটিগুলোর একটি ছিলেন হানিয়া ও অসীম। ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত তাদের সম্পর্ক ছিল বলে জানা যায়। পরে সেই সম্পর্কে ভাঙন ধরে। ২০২০ সালে এক সাক্ষাৎকারে হানিয়া বলেন, “আমরা শুধু ভালো বন্ধু।” এরপর থেকেই দুজনকে আলাদা পথেই দেখা গেছে।

হানিয়ার সঙ্গে বিচ্ছেদের পর অসীম আজহার ইনফ্লুয়েন্সার ও অভিনেত্রী মেরুব আলী–এর সঙ্গে বাগদান সম্পন্ন করেন। তবে প্রায় তিন বছর পর, গত বছরের শুরুর দিকে সেই বাগদান ভেঙে যায়। বিষয়টি নিয়েও তখন শোবিজ অঙ্গনে বেশ আলোচনা হয়।

পরিস্থিতি নতুন মোড় নেয় গত বছরের আগস্টে, যখন অসীমের একটি কনসার্টে উপস্থিত থাকতে দেখা যায় হানিয়া আমিরকে। সেই উপস্থিতির পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়। সাম্প্রতিক বিয়ের গুঞ্জন সেই আলোচনাকে আরও উসকে দিয়েছে।

যদিও নিশ্চিত কোনো ঘোষণা নেই, তবু ভক্তরা ইতোমধ্যে দুই তারকার সম্ভাব্য মিলনকেই সত্য ধরে নিয়ে সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। এখন দেখার বিষয়—গুঞ্জনই শেষ কথা, নাকি সত্যিই রমজানে চমক অপেক্ষা করছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছোটপর্দার অভিনেতা তিনু করিম আর নেই
ছোটপর্দার অভিনেতা তিনু করিম আর নেই
কাকে ভোট দিলেন জানিয়ে চমকের পোস্ট
কাকে ভোট দিলেন জানিয়ে চমকের পোস্ট
শবনম ফারিয়ার মজাদার পোস্ট ভাইরাল
শবনম ফারিয়ার মজাদার পোস্ট ভাইরাল