নাহিদ ইসলাম
‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে জুলাই সনদে সই করেছে এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদে থাকা ‘নোট অব ডিসেন্ট’ কোনো সিদ্ধান্তের অংশ হতে পারে না। এ কারণে স্পষ্ট বক্তব্য ছাড়া ওই অংশ রেখে সই করার প্রশ্নই ওঠে না।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম জানান, ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে এবং গণভোটের রায় পূর্ণাঙ্গ বাস্তবায়নের শর্তে এনসিপি সই করেছে। তিনি বলেন, তাদের দাবির পরিপ্রেক্ষিতেই জুলাই জাতীয় সনদের আদেশ জারি হয়, যার ভিত্তিতে এবারের নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। গণভোটে জনগণ সংস্কার ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, আজকের স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ পূর্ণতা পেল। এখন সংস্কার পরিষদ গঠন করে গণভোটের আদেশ অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করাই হবে পরবর্তী দায়িত্ব। সংসদ নির্বাচনে অংশ নেওয়া এনসিপি এই সনদ ও সংস্কারের অঙ্গীকার বাস্তবায়নকে নিজেদের ম্যান্ডেট হিসেবে দেখছে।
নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের শেষ দিনে সরকারের আমন্ত্রণে এনসিপি যমুনায় গিয়ে ঐকমত্যের দলিলে স্বাক্ষর সম্পন্ন করেছে। তবে শুরুতে তারা সই করেনি, কারণ সনদের আইনি ভিত্তি নিশ্চিত না হলে তাতে স্বাক্ষর করার অর্থ থাকে না—এমন অবস্থানেই তারা ছিলেন।
এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাভেদ রাসিন, মনিরা শারমিন ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/ আ







