প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনার নির্দেশ

ভোটের আগে জনগণের কাছে বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা বাস্তবায়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করবে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান এই পরিকল্পনা অনুযায়ী কোন মন্ত্রণালয় কী কাজ করবে, তা দ্রুত প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার অনানুষ্ঠানিক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিসভার সদস্যরা।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি, সরবরাহ চেইন সচল রাখা এবং জ্বালানি খাতে যাতে কোনো সংকট সৃষ্টি না হয়—গ্যাস এবং বিদ্যুতের দিকে লক্ষ্য রাখা, এসব বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, আপনারা জানেন, প্রত্যেকটা সরকার প্রথম ১০০ দিনের একটি কর্মসূচি নেয়। আমাদের সরকার সেই কর্মসূচিটি একটু বৃহত্তর পরিসরে ১৮০ দিনের জন্য গ্রহণ করবে। এ বিষয়ে আলোচনা হয়েছে এবং শিগগিরই বিস্তারিত জানানো হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী সচিবদের উদ্দেশে বলেছেন, আমাদের ইশতেহারের ওপর জনগণ আস্থা রেখেছে। তাই যথাযথ সময়ে যথাযথভাবে এই ইশতেহার বাস্তবায়ন করতে হবে।
তথ্যমন্ত্রী ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রী আমাদের সবাইকে পরামর্শ দিয়েছেন। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এই মুহূর্তের প্রধান অগ্রাধিকার। আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা, ইফতার, তারাবিতে যেন বিদ্যুতের কোনো কষ্ট না হয়, সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন।
তথ্যমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট মন্ত্রীরা তাদের কর্মপরিকল্পনা দু-এক দিনের মধ্যেই প্রধানমন্ত্রীর কাছে হাজির করবেন। তারপর প্রধানমন্ত্রী নির্দেশ অনুযায়ী আমরা আমাদের পদক্ষেপ গ্রহণ করব।
মন্ত্রী জহির উদ্দিন বলেন, ‘দলের পক্ষ থেকে আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। এই কর্মসূচি শুধু বিএনপির ছিল না, গণতান্ত্রিক রাজনৈতিক সকল দল এর সঙ্গে যুক্ত ছিল।... অগ্রাধিকারের ভিত্তিতে ১৮০ দিনের একটি কর্মসূচি গ্রহণ করব।’
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সরকারের অগ্রাধিকারের রয়েছে প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, পণ্য সরবরাহ চেইন ঠিক রাখা এবং জ্বালানি খাতে যাতে কোনো সমস্যা সৃষ্টি না হয়; গ্যাস এবং বিদ্যুতের দিকে বা লক্ষ্য রাখা- এসব বিষয়ে প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, প্রথম মন্ত্রিপরিষদের সভায় বেশকিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। কাল থেকে রমজান শুরু। দ্রব্যমুল্য, আইন শৃঙ্খলা, বিদ্যুৎ জ্বালানি সবক্ষেত্রেই জনগনকে স্বস্তি দেওয়ার জন্য যার যার জায়গা থেকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেছেন প্রধানমন্ত্রী।
তিনি আরও জানান, সরকারের ১৮০ দিনের পরিকল্পনাটি খুব দ্রুত মন্ত্রিপরিষদের কাছে উপস্থাপন করা হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, জনগণের জন্য প্রত্যেকটা মন্ত্রণালয় কীভাবে কাজ করবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। বিএনপি মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছে, সেগুলো মনে রেখে মন্ত্রণালয়গুলোকে কাজ করার নির্দেশনা দিয়েছেন।
ভিওডি বাংলা/আরকেএইচ







