কারও চাঁদাবাজি করার আর সুযোগ নেই: সড়ক পরিবহন মন্ত্রী

যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে কারও চাঁদাবাজি করার কোন সুযোগ নেই, সুযোগ থাকবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ে নবনিযুক্ত মন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রেলপথমন্ত্রী বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে সরকার। রেল যোগাযোগ সম্প্রসারণ করার পাশাপাশি পর্যাপ্ত ইঞ্জিন এবং বগি বাড়িয়ে এ সেবাকে আরও উন্নত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঈদ যাত্রায় স্বস্তি আনতে ঈদের ছুটি বাড়ানো যায় কিনা ও তৈরি পোশাক শিল্প কারখানায় আগেই ছুটি দেয়া যায় কিনা চিন্তা ভাবনা রয়েছে। আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন সড়কমন্ত্রী।
তিনি আরও বলেন, যানজট নিরসন ও সড়কের শৃঙ্খলা ফেরাতে অটোরিকসা চলাচল এবং যত্রতত্র পার্কিং বন্ধ করা দরকার। এজন্য অন-স্ট্রিট পার্কিং বাতিলের প্রস্তাবটি বিবেচনা করা হবে। সিটি করপোরেশন যত্রতত্র পার্কিং ইজারা দিয়ে থাকলে তাদের ডেকে বাতিল করার কথা বলা হবে।
মন্ত্রী বলেন, মেট্রোরেলের কাজ দ্রুতগতিতে শুরু হয়েছে এবং তা দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে। বিআরটি প্রজেক্টের বিষয়ে বলা হয়েছে যে, এটি রাষ্ট্রবান্ধব হয়নি বরং কোনো গোষ্ঠী বা রাষ্ট্রের স্বার্থে নেয়া হয়েছিল। ১২-১৪ লেনের রাস্তার মাঝখানে দুটি লেন ব্যবহার করার নজির কোথাও নেই। এই প্রকল্প নিয়ে সরকার বা মন্ত্রণালয়ের তেমন আগ্রহ নেই। তবে ঋণের বিষয় ও আইনি জটিলতা থাকায় এটি বন্ধ করার প্রক্রিয়াটি সময়সাপেক্ষ ও জটিল বলেও জানান তিনি।
ভিওডি বাংলা/আরকেএইচ







